হোম > খেলা

কুল-বিএসপিএ অ্যাওয়ার্ডে হামজার ত্রিমুকুট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

একের পর এক পুরস্কার জিতেছেন হামজা চৌধুরী। ফাইল ছবি

দেশের ক্রীড়া সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’-এর জমকালো আয়োজন আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে দেশের সেরা ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হয় তাঁদের অবদানের স্বীকৃতি।

এবারের আসরে সব আলো কেড়ে নিয়েছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলামকে পেছনে ফেলে জিতে নিয়েছেন ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের (স্পোর্টস পারসন অব দ্য ইয়ার) সর্বোচ্চ খেতাব। একই সঙ্গে ক্রীড়ামোদীদের ভোটে তিনি জয় করেছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। ২০২৫ সালে ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও পেয়েছেন তিনি। ট্রেবল জয়ে এবারের বিএসপিএ অ্যাওয়ার্ডে রাজত্ব করলেন এ ফুটবলার। পুরস্কার পাওয়ার পর ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আমি এই পুরস্কার পেয়ে খুবই গর্ব বোধ করছি। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড দেশের ঐতিহ্যবাহী পুরস্কার। আমি আমার পরিবার, কোচ, সতীর্থ ও বন্ধুদের এবং ফ্যানদের ধন্যবাদ জানাচ্ছি, সারা বছর ধরে আমাকে ও জাতীয় দলকে সাপোর্ট দেওয়ার জন্য।’

হামজার হয়ে পুরস্কার নিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ছবি: বিএসপিএ

বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনেক বছর ধরে হয়ে আসছে। আগে ফুটবলার হিসেবে এখানে আসতাম। এখন ক্রীড়ামন্ত্রী হিসেবে আসলাম। আমার মনে হয়, এটি আমাদের ক্রীড়াঙ্গনের অর্জন।’ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ। দেশের স্বনামধন্য করপোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড কুল এবার নিয়ে টানা ১১ বার এই মর্যাদাপূর্ণ আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে। মালিক মোহাম্মদ সাইদ বলেন, ‘বিএসপিএ প্রাচীন ক্রীড়া সাংবাদিকদের সংগঠন এবং আমি বিএসপিএকে ধন্যবাদ জানাই এই অ্যাওয়ার্ডে আমাদের সঙ্গে রাখার জন্য।’ সভাপতির বক্তব্যে রেজওয়ান উজ জামান রাজিব বলেন, ‘আমার মনে হয়, আমাদের স্পোর্টস সাংবাদিকতা বিশ্বমানের। কিন্তু এখানে অনেক কিছু উন্নতি করার সুযোগ আছে। বিএসপিএ একটি স্পোর্টস জার্নালিস্ট ইনস্টিটিউট করতে চায়। এ জন্য সকলকে পাশে চাই।’

১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া পুরস্কারের প্রবর্তন করা বিএসপিএ এবার ১৬টি বিভাগে ১৫ বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করেছে।

একনজরে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এর বিজয়ীরা

১. বর্ষসেরা ক্রীড়াবিদ: হামজা চৌধুরী (চ্যাম্পিয়ন), ঋতুপর্ণা চাকমা (রানারআপ), আমিরুল ইসলাম (রানারআপ)।

২. পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: হামজা চৌধুরী।

৩. বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন।

৪. বর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা।

৫. বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম।

৬. বর্ষসেরা আর্চার: আব্দুর রহমান আলিফ।

৭. বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমা।

৮. বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল আমিন জুমার।

৯. উদীয়মান ক্রীড়াবিদ: রিপন মণ্ডল (ক্রিকেট)।

১০. বর্ষসেরা কোচ: পিটার বাটলার (নারী ফুটবল)।

১১. বর্ষসেরা আম্পায়ার: সেলিম লাকী (হকি)।

১২. বর্ষসেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল (আর্চারি)।

১৩. তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: আলমগীর কবীর (ক্রিকেট কোচ)।

১৪. বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকা (কাবাডি কোচ)।

১৫. সেরা পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক পিএলসি।

১৬. সক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

মেসি নেতাদেরও নেতা

‘আইপিএল নয়, টেস্ট ক্রিকেটই আমার প্রথম অগ্রাধিকার’

এক দশকের রাজত্বের সমাপ্তি: ইতিহাদে গার্দিওলার রেখে যাওয়া ঝলমলে ইতিহাস

এক বছরে বাংলাদেশের র‍্যাঙ্কিং ১৬০-এর নিচে নিয়ে আসতে চান নতুন কোচ

স্বস্তি ফিরল নেইমারকে নিয়ে

সিটির সঙ্গে ১০ বছরের সম্পর্ক শেষ করলেন গার্দিওলা

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

ফুটবল বিশ্বকাপের সময় জিম্বাবুয়ের বিপক্ষেও খেলবে বাংলাদেশ

এবার আর আন্ডারডগ নয় মরক্কো

ধোনির আইপিএল কি এভাবেই শেষ, কী বলছেন চেন্নাই অধিনায়ক