নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়ার পর মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন জিম্বাবুয়ের ওপেনার কেলিস এনধোলোভু। এবার তাঁর খেলা হচ্ছে না শেষ ওয়ানডেও। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় ডানেডিনে শুরু হবে নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে। আজ জেডসি জানিয়েছে, তৃতীয় ওয়ানডের দল থেকে ছিটকে গিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।
ডানেডিনে গত পরশু দ্বিতীয় ওয়ানডেতে সাময়িক সময়ের জন্য জ্ঞান হারিয়েছিলেন এবং পরে তার কনকাশন ধরা পড়ে বলে জানা গেছে। তবে এমআরআই স্ক্যানের পর আতঙ্কিত হওয়ার পর কিছু পাওয়া যায়নি। জেডসি এক বিবৃতিতে বলেছে, ‘পরবর্তীতে এমআরআই স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে যে তার মাথার খুলিতে কোনো ভাঙন নেই। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ সকালে তিনি ফের ফলো-আপ পরীক্ষা করতে যান। কোনো জটিলতা পাওয়া যায়নি।’
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়ের দুই ওপেনার মডেস্টার মুপাচিকওয়া ও এনদোলভু ২৫ রানের জুটি গড়েছিলেন। কিউই পেসার ব্রি ইলিংয়ের শর্ট বল এড়াতে ঝুঁকেও গিয়েছিলেন। মাথায় হেলমেটও ছিল। তবু মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়া এনধোলভুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল ও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাঁর কনকাশন বদলি হিসেবে তেনদাই মাকুশা নেমে ১৮ বলে ১২ রান করেছিলেন।
প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই জিতেছে নিউজিল্যান্ড। আর জিম্বাবুয়ে আগামীকাল নামবে ধবলধোলাই এড়াতে।