হোম > খেলা > ক্রিকেট

সৌদিতে আটকা পড়া মুশফিকের ফেরার ব্যবস্থা করা হচ্ছে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সৌদিতে আটকা পড়া মুশফিকুর রহিম কাল সকালে দেশে ফিরছেন। ছবি: ফাইল ছবি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের তুমুল যুদ্ধ চলছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে পাল্টা আক্রমণ করছে ইরানও। মুশফিকুর রহিম এমন যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছেন। তবে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়েছেন মুশফিক। গতকাল ঢাকায় ফেরার কথা থাকলেও যুদ্ধের কারণে সমস্ত ফ্লাইট বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। সামাজিক মাধ্যমে গতকাল এক পোস্টে তিনি জানিয়েছিলেন তাঁর উদ্বেগের কথা। আজ মুশফিককে নিয়ে দুশ্চিন্তা করতে না করেছেন আমিনুল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি পরিপূর্ণভাবে এটি ওয়াকিবহাল এবং পরিপূর্ণভাবে আমি নিজেই ব্যক্তিগতভাবে এটা পর্যবেক্ষণ করছি। এরই মধ্যে আমার সঙ্গে মুশফিকুর রহিমের কথা হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আশা করছি যে আজকের রাতের একটি ফিরতি ফ্লাইটে মুশফিকুর রহিম আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে।’

মুশফিক সৌদিতে সুস্থ আছেন বলে জানিয়েছেন আমিনুল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত মুশফিকুর রহিম ভালো আছে। সুস্থ আছে। বিশেষ করে মুশফিকুর রহিমের যে স্ট্যাটাসের উপরে যেটা আপনারা সকলেই অবগত হয়েছেন, আমরাও হয়েছি।’ দেশে ফেরার ব্যাপারে আমিনুল হকের সঙ্গে কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন মুশফিক। আজকের পত্রিকাকে মুশফিক বলেন, ‘তিনি (ক্রীড়া প্রতিমন্ত্রী) আমার সঙ্গে যোগাযোগ করেছেন। কথা হয়েছে। দেখা যাক। আল্লাহ মালিক।’

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় স্বাভাবিকভাবেই প্রবাসীদের নিয়ে চিন্তা করছেন বিভিন্ন দেশের নাগরিকেরা। অনেক বাংলাদেশিও আটকে পড়েছেন বলে জানা গেছে। সবাই যেন সহি সালামতে দেশে ফিরতে পারেন, আমিনুলের চাওয়া সেটাই। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের অন্যান্য যারা বিভিন্ন জায়গায় রয়েছে, শ্রীলঙ্কা থেকে শুরু করে আমাদের খেলোয়াড়রা বা আমাদের বাংলাদেশিরা বিভিন্নভাবে যারা এই জটিলতার কারণে আটকে আছেন, আমরা সকলকেই আহ্বান করছি যাতে তারা সুস্থ শরীরে যাতে সবাই দেশে ফিরে আসতে পারেন। সবার প্রতি আমাদের শুভকামনা।’

ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিক বাংলাদেশের হয়ে এখন শুধু টেস্টই খেলে থাকেন। গত নভেম্বরে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করেন তিনি। সম্প্রতি খেলেছেন বিপিএলও। তবে অদম্য কাপ টি-টোয়েন্টি ও বিসিএল ওয়ানডেতে খেলছেন না এই ক্রিকেটার। বাংলাদেশ পরবর্তী টেস্ট খেলবে ৮ মে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে। সব ঠিক থাকলে সেই ম্যাচে খেলবেন মুশফিক।

স্যামসন-ঝড়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতে আটকা জিম্বাবুয়ে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

শৈশবের কোচের মৃত্যুতে মাহমুদউল্লাহর আবেগী পোস্ট

বিয়ের দাওয়াত দিতে গিয়ে খালেদা জিয়ার কাছে তামিম যা শুনেছিলেন

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

জিম্বাবুয়েকে হারিয়ে নিউজিল্যান্ডকে পেল দক্ষিণ আফ্রিকা

‘ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারলে ভারতের কেউই আইপিএলে খেলতে পারবে না’

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এশিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে কি এশিয়ার কেউ থাকবে না