হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলকে নিয়েও চিন্তায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। ছবি: ক্রিকইনফো

আইপিএল, পিএসএলের কারণে প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই নিউজিল্যান্ড খেলবে বাংলাদেশের বিপক্ষে। যেহেতু ২০১০ ও ২০১৩ সালে কিউইদের প্রথম সারির দল বাংলাদেশে এসে ধবলধোলাই হয়েছে, সেখানে এবার ঘরের মাঠে প্রতিপক্ষের দুর্বল দলকে নিয়ে তুলনামূলক নির্ভার থাকাই যায়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নুর মতে নিউজিল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কিছু নেই।

সীমিত ওভারের ক্রিকেটের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার এবারের আইপিএলে খেলবেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলবেন। তিনি সেখানে ব্যস্ত থাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম লাথাম। তিনিই বাংলাদেশ সিরিজের দলে থাকা কিউইদের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলেছেন ১৬৩ ও ২৯ ম্যাচ। স্যান্টনারের পাশাপাশি গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্ররা খেলবেন আইপিএলে। আর পিএসএলে ব্যস্ত ডেভন কনওয়ে, ড্যারিল মিচেলরা।

নান্নুর মতে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছেও হারতে পারে বাংলাদেশ। আজ সংবাদমাধ্যমকে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল এবং সব সংস্করণেই যেকোনো দলকে চ্যালেঞ্জিং অবস্থায় ফেলে। সে হিসেবে নিউজিল্যান্ড সিরিজকে আসলে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ, আমাদের ঘরের মাঠে খেলা ও আমাদের পয়েন্টগুলো প্রয়োজন।’

এ বছরের জানুয়ারি ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ প্রথম ম্যাচ হেরে শুরু করলেও নিউজিল্যান্ড সিরিজ জেতে ২-১ ব্যবধানে। ভারতের বিপক্ষে সিরিজ জয়ে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পাওয়া মিচেল এবার বাংলাদেশ সিরিজে নেই। এমনকি সেই ওয়ানডে সিরিজে (ভারত সিরিজ) ৭ উইকেট পাওয়া ক্রিস্টিয়ান ক্লার্কও চোটে পড়ায় বাংলাদেশ সফরে আসতে পারছেন না। নিউজিল্যান্ড দল নিয়ে নান্নু বলেছেন, ‘তাদের নিয়মিত ক্রিকেটারদের বেশির ভাগই পরিবর্তন করে এনেছে। আমার মতে এই সিরিজকে হালকাভাবে নিলে কিন্তু তারা আমাদের আবার বিপদে ফেলতে পারে।’

আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা নয়ে থাকা দল সরাসরি খেলবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। সবার ওপরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৯। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড। প্রথম সারিতে থাকা নিউজিল্যান্ডকে হারালে রেটিংয়ে স্বাভাবিকভাবেই উন্নতি হবে বাংলাদেশের। কিউইদের পরে অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষেও ঘরের মাঠে সিরিজ খেলার কথা বাংলাদেশের।

১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নান্নুর কাছে অনেক গুরুত্বপূর্ণ। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমার মনে হয় আমাদের সেরাটা সঠিক সময়ে দিতে হবে। এই সিরিজ থেকে অবশ্যই আমরা কিছু ইতিবাচক পারফরম্যান্স চাই যা আগামী সিরিজে কাজে লাগবে।’

সবশেষ মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও টপ অর্ডার ভালো করেনি। তানজিদ হাসান তামিম দুর্দান্ত খেলেছেন। কিন্তু উদ্বোধনী জুটিতে তাঁর সঙ্গী সাইফ হাসান তিন ম্যাচ মিলিয়ে করেন ৫২ রান। তাছাড়া বেশির ভাগ সময় বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায় ৫০ পেরোনোর আগেই। গতকাল হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন বিসিবির নির্বাচক প্যানেল নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণার সময় নিজেদের চিন্তার কথা জানিয়েছিলেন।

নান্নুর মতে ঘরোয়া ক্রিকেটের পাইপলাইন মজবুত থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করবে বাংলাদেশ। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘যেকোনো টপ অর্ডার বলুন, মিডল অর্ডার বলুন বা লোয়ার অর্ডার বলুন, খেলোয়াড় কিন্তু তৈরি করতে হবে ঘরোয়া ক্রিকেট থেকে। এখানে আমাদের হাই পারফরম্যান্স ইউনিট আছে, ‘এ’ দলের টাইগার্স ইউনিট আছে। কোচদের দিয়ে নার্সিং করা হয়। কে কোন জায়গায় কোন পজিশনে কতটুকু ভালো করতে পারে, তখন ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখতে হয়। উন্নতির জায়গা সেখানেই।’

১৭ ও ২০ এপ্রিল মিরপুরে হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে হবে ২৩ এপ্রিল। ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি এই মাঠেই হবে ২৯ এপ্রিল। শেষ ম্যাচ খেলতে মিরপুরে আসতে হবে দুই দলকে। ২ মে মিরপুর শেরেবাংলায় হবে তৃতীয় টি-টোয়েন্টি।

আইপিএল রেখে বাংলাদেশ সিরিজে থাকছেন ভারতীয় আম্পায়ার

চাকরি হারালেন আলফাজ

অশ্রাব্য ভাষা ব্যবহারের শাস্তি পেলেন রানা

ইমনের পরিবর্তে লঙ্কান ক্রিকেটারকে নিল পিএসএলের এই দল

ডাগআউটে মোবাইল চালিয়ে মোদির সন্দেহের তালিকায় রাজস্থানের ম্যানেজার

পেশোয়ারের অনুরোধ রাখল বিসিবি

আইপিএলে আজ মুখোমুখি রোহিত-কোহলি, জিতবেন কে

দুই বছর নিষিদ্ধ সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া

রোনালদোর গোলের রাতে ১২ বছরের রেকর্ড ভাঙল আল নাসর

এবার ভিন্ন গল্প লিখতে চায় পানামা