হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানি ক্রিকেটার ইস্যুতে বিতর্ক উসকে দিলেন মোদি

ক্রীড়া ডেস্ক    

আবরার আহমেদকে কেনার পর তোপের মুখে সানরাইজার্স লিডস। ছবি: ক্রিকইনফো

এক আবরার আহমেদের কারণেই ‘দ্য হান্ড্রেডের’ নিলাম নিয়ে আলোচনা-সমালোচনা এখনো চলছে। সানরাইজার্স লিডসকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের ব্যঙ্গ-বিদ্রূপ তো রয়েছেই। এমনকি ভারতীয় ক্রিকেটারদের রোষানলে পড়েছে ‘দ্য হান্ড্রেডে’র এই ফ্র্যাঞ্চাইজি। এবার বিতর্ক উস্কে দিলেন সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদি।

ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার কারণেই যে সানরাইজার্স লিডস তোপের মুখে পড়েছে, সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। খেলার মধ্যে রাজনীতি না মেশানোর নীতিবাক্য উপমহাদেশের ক্রিকেটে কেবল বলার জন্যই বলা। বৈরি রাজনৈতিক সম্পর্কের প্রভাব ২০২৫ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ক্রিকেটারের হ্যান্ডশেক না করার ক্ষেত্রে আরও স্পষ্ট বোঝা গেছে। ‘দ্য হান্ড্রেডে’ পাকিস্তানি লেগস্পিনার আবরার আহমেদকে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস নেওয়ায় সমালোচনা হচ্ছে বেশি।

সানরাইজার্স লিডসকে নিয়ে আলোচনা-সমালোচনার মাঝে খোঁচা দিলেন মোদি। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সাবেক আইপিএল চেয়ারম্যান লিখেছেন, ‘ভক্তরা যখন এরই মধ্যে উত্তেজিত, তখন একজন পাকিস্তানি ক্রিকেটারের জন্য ২ কোটি ৩৪ লাখ রুপি বিনিয়োগের কী মানে? ভাবমূর্তি রক্ষা করার ব্যাপারে আমার ইমেজ ম্যানেজ করা এবং সাম্রাজ্য গড়ার ব্যাপারে আমি কিছুটা জানি। আমাকে কল করুন।’ ক্যাপশনে মোদি লিখেছেন, ‘ক্রিকেটার কেনার পর দ্য হান্ড্রেডের সানরাইজার্স লিডস বিতর্কের মুখে পড়েছে।’

দ্য হান্ড্রেডের সানরাইজার্স লিডসের সঙ্গে আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের সংযোগ রয়েছে। এই ফ্র্যাঞ্চাইজিটির সত্বাধিকারী কাব্য মারান। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে রয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ নামে এক ফ্র্যাঞ্চাইজি। আবরারকে গত ১২ মার্চ দ্য হান্ড্রেডের নিলাম থেকে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে কিনেছে সানরাইজার্স লিডস। বাংলাদেশি মুদ্রায় তা ৩ কোটি ১২ লাখ টাকা। পাকিস্তানি লেগস্পিনারকে কেনার পর ফ্র্যাঞ্চাইজিটির এক্স অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্য স্থগিত হয়ে গিয়েছিল।

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মৌসুমেই খেলেছিলেন ১১ পাকিস্তানি ক্রিকেটার। সে বছরের নভেম্বরে মুম্বাই হামলার পর আইপিএলে পাকিস্তানি ক্রিকেটার নিষিদ্ধ। ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে অন্যান্য ক্ষেত্রেও। পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের ভারতীয় ভিসা দেরিতে দেওয়া নিয়ে আলোচনা চলছিল। যদিও পরে সমস্যার সমাধান হয়েছে।

২০২৬ দ্য হান্ড্রেডে দুই পাকিস্তানি ক্রিকেটার সুযোগ পেয়েছেন। আরেক পাকিস্তানি উসমান তারিককে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে কিনেছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৩০ লাখ টাকা। এই দলের মালিকানায় ভারতীয় কোনো প্রতিষ্ঠান নেই বলে সমালোচনা হয়নি বললেই চলে। একই ফ্র্যাঞ্চাইজি মোস্তাফিজুর রহমানকে ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনেছে। এবারই প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে খেলবেন মোস্তাফিজ।

২ কোটি রুপি হারানোর শঙ্কায় বুমরা

‘সিঙ্গাপুর-ভিয়েতনামকে হারাতে পারলে তা বাংলাদেশের জন্য গুড স্টেটমেন্ট’

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দুশ্চিন্তা করতে নিষেধ করল পাকিস্তান

মির্জা আব্বাস আমার বিয়েতে এসেছিলেন, তাই দোয়া মাহফিলে আসা: তামিম

কোরিয়াকে বিধ্বস্ত করে ফাইনালে অস্ট্রেলিয়াকে পেল জাপান

পাকিস্তানকে হারিয়েই সৌদি আরবে মিরাজ

সাক্ষাৎকারের মাঝপথে হঠাৎ কেন মেজাজ হারালেন অস্ট্রেলিয়ান তারকা

পাকিস্তানি তারকা ক্রিকেটারের বাংলাদেশ সিরিজে না থাকার রহস্য তাহলে এটাই

কেন কান্নার ‘অভিনয়’ করলেন ভিনি

বিশ্বকাপ সামনে রেখে ফিফা-ইউটিউবের ঐতিহাসিক চুক্তি