হোম > সারা দেশ > ঢাকা

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবিতে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। ছবি : আজকের পত্রিকা

দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব দাবি তুলে ধরা হয়।

এ সময় ঈদের আগে শ্রম আইন অনুযায়ী বোনাস পরিশোধ, অতিরিক্ত কাজের ভাতা এবং রাত ১০টার পর কাজ করালে খাবারের ব্যবস্থার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল বলেন, দোকান কর্মচারীরা সবচেয়ে অবহেলিত। তাদের ন্যায্য অধিকার রক্ষায় আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।

লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, দেশে প্রায় ৬০ লাখ দোকান ও রিটেইল খাতের কর্মচারী প্রতিদিন দীর্ঘ সময় কাজ করছেন। রমজান মাসজুড়ে তাঁদের অনেককে প্রতিদিন ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়। অনেক ক্ষেত্রে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করলেও এ জন্য অতিরিক্ত ভাতা দেওয়া হয় না।

আইনি অধিকার থাকা সত্ত্বেও অধিকাংশ দোকান ও শপিংমলে কর্মচারীদের ঈদ বোনাস দেওয়া হয় না অভিযোগ করে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের নেতারা বলেন, সপ্তাহে দেড় দিন ছুটির বিধান থাকলেও অনেকেই সপ্তাহে একদিনও ছুটি পান না। অধিকাংশ ক্ষেত্রে নিয়োগপত্র ও স্বাক্ষরযুক্ত পরিচয়পত্র দেওয়া হয় না।

তাঁদের অভিযোগ, বেতন পরিশোধের বিধানও মানা হয় না। দোকান কর্মচারীদের জন্য এখনো পৃথক মজুরি বোর্ড গঠন হয়নি। ফলে এই বিশাল শ্রমশক্তি সামাজিক নিরাপত্তা, চাকরির স্থায়িত্ব, প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটির মতো সুবিধা থেকে বঞ্চিত।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের নেতারা বলেন, আগামী ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বোনাস মালিকদের ইচ্ছার বিষয় নয়, এটি শ্রমিকদের আইনসংগত অধিকার। দেশের অন্যান্য খাতের শ্রমজীবীরা বছরে দুই ঈদে বোনাস পেলেও দোকান কর্মচারীরা বেশির ভাগ ক্ষেত্রেই বঞ্চিত হন।

ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ দোকান মালিক সমিতি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সংহতি জানিয়ে বক্তব্য দেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আ. স. ম. জাকারিয়া, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক বাবুল আকতার, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন।

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল