হোম > জাতীয়

সরকারকে যারা টেনে নামাতে চায়, তারাও বাজার সিন্ডিকেটে যুক্ত: পররাষ্ট্রমন্ত্রী

বাসস

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বাজার কারসাজির বিরুদ্ধে সরকার ইশতেহার অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। আজ শনিবার দুপুরে রাজধানীতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এলডি হল চত্বরে রাঙ্গুনিয়া সমিতি, ঢাকা আয়োজিত সংবর্ধনা, মেজবান ও মিলনমেলা-২০২৪ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনী ইশতেহারে আমরা বলেছিলাম, দ্রব্যমূল্য যেন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে—সেটি আমাদের প্রায়োরিটি বা অগ্রাধিকার। এই সরকারের যাত্রার শুরু থেকে সেই অগ্রাধিকার নিয়ে আমরা কাজ করছি এবং বাজারের অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার সব রকম ব্যবস্থা নেবে।’

ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ দেশে আসছে উল্লেখ করে তিনি বলেন, রোজার আগেই কিছু পেঁয়াজ বাজারে ঢুকবে, কাজেই বাজার মোটামুটি স্থিতিশীল আছে।

হাছান মাহমুদ আরও বলেন, ‘বাজারের অসাধু লোভাতুর সিন্ডিকেট কারণে-অকারণে নানা অজুহাতে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি করে। আমরা দেখেছি, একটি কোল্ড স্টোরেজের ভেতর থেকে দেড় লাখ ডিম উদ্ধার করা হয়েছে। অতীতে পেঁয়াজের সংকট তৈরি করা হয়েছিল। আবার যখন বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলো, বাজারে পেঁয়াজ সয়লাব হয়ে গেল, তখন স্টোরেজ থেকে জমিয়ে রাখা পচা পেঁয়াজ ফেলে দেওয়া হয়েছে। এই ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সরকার সh ব্যবস্থা গ্রহণ করবে।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা সরকারকে টেনে নামাতে চায়, এই সিন্ডিকেটের সঙ্গে তারাও যে যুক্ত, সেটিও সঠিক। তবে আপনারা দেখছেন, বাজার মোটামুটি স্থিতিশীল আছে।’ 

কেবল পাইকারি বিক্রেতা না, খুচরা বিক্রেতাদের মধ্যেও একটু বেশি মুনাফা করার প্রবণতা দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এটির বিরুদ্ধে জনগণকে সচেতন হতে বলেছি। সরকারও সর্বাত্মক ব্যবস্থা নেবে।’ 

বিএনপি নেতা নজরুল ইসলাম খানের ‘বর্তমান সরকার পরিবর্তন হবেই’—এমন মন্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার তো অবশ্যই পাঁচ বছর পর পরিবর্তন হবে। তখন দেশে নির্বাচন হবে, তারপর নতুন সরকার গঠন করা হবে। আশা করি জনগণের ভোটে সেই সরকারেরও প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এর আগে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ রাঙ্গুনিয়া সমিতি, ঢাকার সেবামূলক কার্যক্রম ও বিভিন্ন নিয়মিত আয়োজনের প্রশংসা করেন। 

রাঙ্গুনিয়া সমিতি, ঢাকার সভাপতি মো. গিয়াস উদ্দিন খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, চট্টগ্রাম সমিতি, ঢাকার সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক। 

রাঙ্গুনিয়া সমিতির নেতৃবৃন্দ এ সময় রাঙ্গুনিয়ার সন্তান চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন। পরে আয়োজক ও অতিথিদের সঙ্গে নিয়ে সমিতির ‘গুমাই’ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন মন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের সাক্ষাৎ

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

ছুটিতে আসা প্রবাসীদের ভিসা নবায়নে বিশেষ ব্যবস্থা নিল সরকার

ধর্ম ব্যবসায়ীদের থেকে ধর্মীয় মূল্যবোধের সীমানা রক্ষা হলে বাংলাদেশ হবে অপরাজেয়: তথ্যমন্ত্রী

ঈদের আগে ৭ ও পরে ৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে তেলের পাম্প: সড়কমন্ত্রী

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

মন্ত্রীর লোকদেখানো তৎপরতা নয়, যাত্রী হয়রানি বন্ধে প্রকৃত উদ্যোগ চাই: যাত্রী কল্যাণ সমিতি