হোম > জাতীয়

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা, জয় ও পুতুলের মামলার রায় আজ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার।

ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন পৃথক তিন মামলার রায় ঘোষণা করবেন।

২৩ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের তারিখ ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম জানান, ‘আজ বৃহস্পতিবার তিন মামলার রায় ঘোষণা করবেন আদালত।’

পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা, জয় ও পুতুলের নামে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক তিনটি মামলা হয় গত জানুয়ারিতে।

গত ২৫ মার্চ প্রতিটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ৩১ জুলাই একই আদালত এই তিন মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

শেখ হাসিনার প্লট বরাদ্দের মামলায় শেখ হাসিনাসহ ১২ জন আসামি। আরেক মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১৭ এবং অন্য মামলায় সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জন অভিযোগপত্রভুক্ত আসামি। তবে তিন মামলায়ই শেখ হাসিনা আসামি। অন্য আসামিরা হলেন রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তারা।

আসামিদের মধ্যে রাজউকের সাবেক সদস্য (ভূমি ও স্থাপনা) মোহাম্মদ খুরশীদ আলম কারাগারে রয়েছেন। তিনিও প্রতিটি মামলায় আসামি। রায়ের সময় তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তান ও অন্যদের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করে।

মামলার অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তাঁরা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

ছয় মামলার মধ্যে বাকি তিনটি মামলা ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ বিচারাধীন রয়েছে। শেখ রেহানা, তাঁর ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমির সিদ্দিকের নামে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে এই তিনটি মামলায়ও শেখ হাসিনা আসামি। টিউলিপ সিদ্দিকও আসামি। এর মধ্যে শেখ রেহানার প্লট বরাদ্দ নিয়ে দায়ের করা মামলাটি আগামী ১ ডিসেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য আছে। অন্য দুটি মামলা ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে।

প্রতিটি মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও সরকারি কর্মচারী (পাবলিক সার্ভেন্ট) হিসেবে বহাল থেকে তাঁর ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে, অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে প্রকল্পের বরাদ্দবিষয়ক দায়িত্বপ্রাপ্ত গণকর্মচারীদের বা রাজউক কর্মচারীদের প্রভাবিত করে প্লট বরাদ্দ নিয়েছেন। শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক তাঁর মা ও ভাই-বোনদের প্লট বরাদ্দে বিশেষ ক্ষমতা বলে প্রত্যক্ষ প্রভাব খাটিয়েছেন। অন্যদিকে রাজউকের প্রকল্প বরাদ্দবিষয়ক কর্মচারীরা লাভবান হওয়ার উদ্দেশ্যে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দ দিয়েছেন।

বাংলাদেশি দক্ষ কর্মী তৈরিতে সহযোগিতা অব্যাহত রাখবে সুইজারল্যান্ড

আদ্-দ্বীনে অবহেলাতেই ৬ নবজাতকের মৃত্যু, শৃঙ্খলার স্বার্থে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক সিইসি হাবিবুল আওয়ালের জামিন প্রশ্নে রুল

বান্দরবানের সেই তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে: সংসদে শিক্ষামন্ত্রী

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ

সংসদ ভবনে শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের বিতর্ক

আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে নির্মাণ করা হবে ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট: সংসদে মন্ত্রী