সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ২৫ জুন দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৪০-এর (বিশেষ দায়রা আদালত) বিচারক রবিউল ইসলাম এই তারিখ ধার্য করেন। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলননের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় এই হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এই মামলার জামিনপ্রাপ্ত আসামি বদিউল আলম অন্য মামলায় কারাগারে থাকায় মামলার শুনানি পিছিয়েছে। মামলার আরেক আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করেন।
আজ এই মামলার আসামি সাবেক আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি সাদেক খানসহ কারাগারে থাকা চারজনকে আদালতে হাজির করা হয়। শেখ হাসিনাসহ ২০ জন এই মামলায় পলাতক রয়েছেন এবং বাকি মামলার ১০ আসামি জামিনে আছেন।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
এই ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত মো. হোসেনের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
চলতি বছরের ২৬ জানুয়ারি এই মামলায় শেখ হাসিনাসহ ২০ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টু পলাতক রয়েছেন।
এদিকে আজ প্রিজন ভ্যান থেকে নামানোর সময় পলক তাঁর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে উদ্দেশ করে বলেন, প্রিজন ভ্যানে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। চিকিৎসাসেবা পেতে বিষয়টি আদালতের নজরে আনতে আইনজীবীকে আবেদন করার কথা বলেন তিনি। তাঁর আইনজীবী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত হওয়ার ঘটনা আজকের নয়। কয়েক দিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার সময় এই ঘটনা ঘটে।