হোম > জাতীয়

সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন-সাজেশন মতিউরের কাছে মিলত ২০০ টাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রশ্ন ফাঁস ও সাজেশন বিক্রি চক্রের মূল হোতা মতিউর রহমান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নন-ক্যাডার চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও সাজেশন বিক্রির অভিযোগে মতিউর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রশ্ন ফাঁস ও সাজেশন বিক্রি চক্রের মূল হোতা মতিউর।

আজ বুধবার সিআইডি সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষার্থীদের প্রতারণার ফাঁদে ফেলতেন। তিনি প্রশ্নপত্র ও সাজেশন ২০০ থেকে ১৬০০ টাকার বিনিময়ে বিক্রি করতেন।

সিআইডি জানায়, বেকার যুবক-যুবতীদের হতাশা ও চাকরি পাওয়ার আকাঙ্ক্ষাকে পুঁজি করে এই চক্রটি কাজ করত। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ATEO এর জন্য সিক্রেট শীট কেউ হাতছাড়া করবেন না’, ‘৮০-৯০% কমন’, ‘মাত্র ৩৯০ টাকা ক্যাশ অন ডেলিভারি’ ইত্যাদি প্রলোভনমূলক পোস্টের মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের আকৃষ্ট করা হতো।

সাজেশন ও প্রশ্নপত্র সরবরাহের নামে তাঁদের কাছ থেকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ/নগদ/রকেট) ব্যবহার করে টাকা আদায় করত চক্রটি।

সংবাদ সম্মেলনে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রণকর্তা দিলাওয়েজ দুরদানাও ছিলেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিষয়টি পিএসসির নজরে আসলে গত ১ সেপ্টেম্বর সিআইডির সাইবার পুলিশ সেন্টারে (সিপিসি) লিখিত অভিযোগ দেওয়া হয়। এরপর সিআইডির একটি টিম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জামালপুর জেলা থেকে মতিউর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

সিআইডি সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় (ডিএমপি) পেনাল কোড ১৮৬০–এর ৪০৬ / ৪২০ / ৫০০ ধারায় মামলা (নম্বর-০১, তারিখ: ০১ / ০৯ / ২০২৫) দায়ের হয়েছে।

সিআইডি জানিয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার মতিউরকে আদালতে তোলা হয়েছে।

৫ দফা দাবিতে কাল থেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট

সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

সরকারি কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ

প্রথম দিন বঙ্গভবনে যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

শিক্ষার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, যা বলছে বিএসটিআই

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ১৬ আসামির ডেথ রেফারেন্স শুনানি শুরু

গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে শ্রীলঙ্কায় সার্কের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগ বাড়ানোর আহ্বান