হোম > জাতীয়

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: আজকের পত্রিকা

২০১১ সালে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মরণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটি ‘ফেলানী অ্যাভিনিউ’ নামে নামকরণ করেছে। আজ মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে উক্ত সড়কের নামফলকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সড়কের নামফলক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, বাংলাদেশের আঠারো কোটি মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়। আমাদের বোন ফেলানী কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় প্রাণ দিয়েছিল। তার ওপর সংঘটিত নিষ্ঠুরতা প্রতিদিন আমাদের মনে করিয়ে দেওয়ার জন্যই এই সড়কের নামকরণ। একই সঙ্গে আমরা বিশ্বের বিবেকের কাছে তুলে ধরতে চাই যে, সীমান্ত হত্যার মতো জঘন্য অপরাধ এখনও বাংলাদেশের সীমান্তে ঘটছে। এই কারণেই বর্তমান সরকার সব ধরনের সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়ে বিজয় দিবসে ফেলানীর নামে এই সড়কের উদ্বোধন করেছে।

সভাপতির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, দেশ হিসেবে মাথা উঁচু করে নিজেদের সম্মান বজায় রাখার প্রতীক ও প্রতিবাদ হিসেবেই ফেলানীর নামে এই সড়কের (গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়ক) নামকরণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, প্রতিবেশী দেশসহ বিশ্বের যে কোনো দেশের সঙ্গে কথা বলার সময় আমরা আমাদের মানবিক মর্যাদা ও সম্মান বজায় রেখেই কথা বলবো। মুক্তিযুদ্ধ আমাদের সেই মানবিক মর্যাদার শিক্ষাই দেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘ফেলানী হত্যাকাণ্ড নিছক একটি হত্যাকাণ্ড নয়; এটি একটি সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনা।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্ত সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রি. জে. মঈন উদ্দীন, ডিএনসিসি সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধান নগর পরিকল্পনাবিদ এস এম শফিকুর রহমানসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রতিবন্ধী ব্যক্তিদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

মোবাইল টাওয়ারের বিকিরণে ‘ক্ষয়ক্ষতির’ প্রতিবেদন জমা দিতে নির্দেশ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

মানবতাবিরোধী অপরাধ: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের ‘কিউআর কোড রিডার’ ফেরত চাইল ইসি

একনেকে ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজসহ ৯ প্রকল্প অনুমোদন

নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৯৬ বঞ্চিত প্রার্থী

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, মোটরসাইকেলেই ২৮ শতাংশ: যাত্রী কল্যাণ সমিতি

১৫ হাজার টিকিট কাটতে আধা ঘণ্টায় ৬০ লাখ হিট

ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু