হোম > জাতীয়

বিআরটিসি বাসে পাইলটিং ভিত্তিতে ই-টিকিট সেবা কার্যক্রম শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিআরটিসির প্রধান কার্যালয়ে বিআরটিসি-সহজ ডটকমের মধ্যে ই-টিকিট সেবা প্রদানবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

যাত্রী পরিবহন সেবাকে প্রযুক্তিনির্ভর করে আরও সহজতর ও জনবান্ধব করার লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পাইলটিং ভিত্তিতে তিনটি রুটে ই-টিকিট সেবা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ই-টিকিট সেবা প্রদান করবে সহজ ডটকম।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিআরটিসি ও সহজ ডটকমের মধ্যে ই-টিকিট সেবা প্রদানবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে বিআরটিসির পক্ষে মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোর ইউনিট প্রধান মো. আব্দুল লতিফ, বরিশাল বাস ডিপোর ইউনিট প্রধান মো. জুলফিকার আলী এবং সহজ ডটকমের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক (টিকিটস) শাকিল জোয়াদ রহিম সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, ঢাকা-বরিশাল-ঢাকা, ঢাকা-দাউদকান্দি-ঢাকা এবং ঢাকা-আড়াইহাজার-ঢাকা রুটগুলোতে চলাচলকারী বিআরটিসি বাসে পাইলটিং ভিত্তিতে ই-টিকিটিং সেবা প্রদান করবে সহজ ডটকম। যাত্রী সাধারণের জন্য ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপস, কল সেন্টার এবং অন্যান্য মাধ্যমে ই-টিকিট সেবা প্রদান করবে প্রতিষ্ঠানটি।

অনলাইন টিকিটিংয়ের ক্ষেত্রে অনলাইন চার্জ হিসেবে টিকিটপ্রতি ২০ টাকা গ্রাহকদের থেকে নেবে সহজ ডটকম। তা ছাড়া চলমান নিয়ম অনুযায়ী, পেমেন্ট গেটওয়ের সার্ভিস চার্জও গ্রাহক প্রদান করবে।

অনুষ্ঠানে বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, ‘পাইলটিং হিসেবে তিনটি রুটে ই-টিকিট সেবা কার্যক্রম শুরু করা হলেও ইতিবাচক সাড়া পেলে পর্যায়ক্রমে বিআরটিসির সব রুটে সম্প্রসারণ করা হবে। সহজ ডটকম দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ই-টিকিটিংয়ের কাজ করছে। এ বিষয়ে তারা অভিজ্ঞ। আমাদের বিআরটিসির যাত্রীরাও প্রযুক্তিনির্ভর এই সেবার মাধ্যমে উপকৃত হবেন এবং বিআরটিসি দেশের পরিবহন খাতে রোল মডেল হিসেবে ভূমিকা পালন করবে।’

বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক প্রশাসন ও অপারেশন মো. রাহেনুল ইসলাম, পরিচালক কারিগরি কর্নেল কাজী আইয়ুব আলী, করপোরেশনের বিভিন্ন বিভাগের জিএম, প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং সহজ ডটকমের কর্মকর্তারা।

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

হানি ট্র্যাপে ব্যবসায়ী-চাকরিজীবীদের ব্ল্যাকমেল, অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হাতে তুলে দিলেন ক্রাউন প্রিন্সের চিঠি

১১ জুলাইয়ের মধ্যে স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপন না করলে সব ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শুরু

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

৩৪ বিচারককে বদলি

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন