হোম > জাতীয়

প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনার এক মামলার যুক্তিতর্ক শুনানি ২৩ নভেম্বর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এক মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই তারিখ ধার্য করেছেন।

শেখ হাসিনাসহ এই মামলায় মোট ১২ জন আসামি। আসামিদের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ১১ জন কর্মকর্তা রয়েছেন।

আজ আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। আত্মপক্ষ সমর্থনের সময় কারাগার থেকে রাজউকের সাবেক সদস্য (ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে হাজির করা হয়। তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। শেখ হাসিনাসহ অন্যান্য আসামি পলাতক রয়েছেন।

এদিকে একই আদালতে শেখ হাসিনাসহ তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে আজ। এই দু’টি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। এই মামলায়ও রাজউক কর্মকর্তা খুরশিদ আলম কারাগারে রয়েছেন।

দুদকের বিশেষ পিপি সুলতান মাহমুদ এক মামলার যুক্তি-তর্ক ও অন্য দুই মামলার আত্মপক্ষ সমর্থনের তারিখের দিন ধার্য করার বিষয়টি নিশ্চিত করেন।

তিন মামলার মধ্যে এক মামলায় শেখ হাসিনাসহ আসামি ১২ জন, আরেক মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১৭ এবং অন্য মামলায় সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জন আসামি রয়েছেন। তবে প্রত্যেক মামলায় শেখ হাসিনা এবং রাজউকের কয়েকজন কর্মকর্তা আসামি। তাঁরা পলাতক থাকায় তাঁদের অনুপস্থিতিতেই সাক্ষ্যগ্রহণ চলছে।

এর আগে গত ৩১ জুলাই একই আদালত এই তিন মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তাঁরা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে তাঁদের পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৬১ / ১৬৩ / ১৬৪ / ৪০৯ / ১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারার অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত বছর ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।

অনুসন্ধানে দুদক জানতে পারে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর সড়কের আশপাশের এলাকায় শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তাঁর ছেলে-মেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা ১০ কাঠার প্লট (প্লট নম্বর ০০৯) বরাদ্দ পেয়েছেন। ২০২২ সালের ৩ আগস্ট তাঁর নামে রাজউক প্লটের বরাদ্দপত্র দেয়। সজীব ওয়াজেদ জয় (প্লট নম্বর ০১৫) এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও (প্লট নম্বর ০১৭) ১০ কাঠা করে প্লট পেয়েছেন। জয়ের বরাদ্দপত্র ২০২২ সালের ২৪ অক্টোবর দেওয়া হয় এবং ১০ নভেম্বর মালিকানা সংক্রান্ত রেজিস্ট্রি সম্পন্ন হয়। পুতুলের বরাদ্দপত্র দেওয়া হয় ওই বছরের ২ নভেম্বর।

গত ১২,১৩ ও ১৪ জানুয়ারি দুর্নীতির দমন কমিশন দুদক এই মামলাগুলো দায়ের করে। গত ২৫ মার্চ ছয় মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরাসহ ২৮ জন আসামি। ইতিমধ্যে প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে বাকি তিনটি মামলা ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ সাক্ষ্যগ্রহণ চলছে।

৪১৯ হজযাত্রীবাহী প্রথম ফ্লাইট সৌদি যাচ্ছে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে

দুই শিবির নেতাকে গুলি: অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল

প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী

সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট, দুদকের জিজ্ঞাসাবাদে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিইও

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা

বার কাউন্সিল নির্বাচন স্থগিতে সংসদে আখতারের ক্ষোভ, পাল্টা জবাব আইনমন্ত্রীর

প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে চিফ হুইপের কবিতা

গুলশানে ফ্ল্যাট দুর্নীতির মামলা: টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ৬ মে

সাড়ে ৩ লাখ মানুষের হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা