বন্ধুত্ব আমাদের জীবনে অক্সিজেনের মতো। কিন্তু কখনো কখনো এই সুন্দর সম্পর্কটিও স্থবির হয়ে যায়। ফ্রিজে রাখা মৃত পতঙ্গের মতো; যা দেখতে আছে, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। সমাজ আমাদের শেখায় ‘প্রকৃত বন্ধুরা সব পরিস্থিতিতেই পাশে থাকে’, কিন্তু বাস্তবতা হলো, কিছু বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে তার কার্যকারিতা হারায়। পচে যাওয়া দই যেমন পেটে অসুখ ঘটায়, তেমনি বিষাক্ত বা মৃতপ্রায় বন্ধুত্ব আমাদের মানসিক স্বাস্থ্যের বারোটা বাজিয়ে দিতে পারে। তাই বুঝে নেওয়া ভালো যে ঠিক কখন একটি বন্ধুত্বের ইতি টানা প্রয়োজন এবং কীভাবে তা করবেন।
বন্ধুর থেকে দূরে সরে যাওয়ার সংকেত
সব বন্ধুত্ব ঝগড়া বা নাটকীয়তার মাধ্যমে শেষ হয় না। অনেক সময় এগুলো নীরবে ভেতরে-ভেতরে পচে যায়। নিচের লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন আপনার সম্পর্কের মেয়াদ শেষ হয়ে এসেছে।
একতরফা প্রচেষ্টা: আপনি কি সব সময় তাদের খোঁজ নেন, কিন্তু তারা কখনোই আগে থেকে যোগাযোগ করে না? বন্ধুত্ব যখন ‘গিভ অ্যান্ড টেক’ না হয়ে শুধু একজনের দেওয়ার ওপর টিকে থাকে, তখন এটি ভারসাম্য হারায়।
আগ্রহের অভাব: আপনার বড় কোনো সাফল্যে কি তারা মন থেকে খুশি হয়? নাকি আপনার কথার মধ্যেই নিজের কথা বলার সুযোগ খোঁজে? প্রকৃত বন্ধু আপনার জয়ে আনন্দ অনুভব করাবে।
মানসিক ক্লান্তি: প্রতিটি আড্ডা শেষে আপনার মনে হতে পারে আপনার সব শক্তি শুষে নেওয়া হয়েছে। তখন একটি ‘স্পিরিচুয়াল রিঞ্জ’ বা মানসিক শুদ্ধি আপনার প্রয়োজন। কিন্তু এমন বোধ হলেই বুঝে নিন সেই সঙ্গ আপনার জন্য ক্ষতিকর।
অসততা ও অসম্মান: বিশ্বাস ছাড়া গভীর সম্পর্ক সম্ভব নয়। যদি আপনার বন্ধু আপনার অনুভূতিকে মূল্য না দেয় বা আপনার সঙ্গে লুকোছাপা করে, তবে সেই সম্পর্কের ভিত্তি নড়বড়ে।
ভিন্ন জীবনধারা: সময়ের সঙ্গে আমরা বদলে যাই। আপনার বন্ধু যদি এখনো পুরোনো অভ্যাসে আটকে থাকে, যা আপনার বর্তমান সুস্থ জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করছে, তবে বিদায় বলাই শ্রেয়।
বন্ধুত্ব সারা জীবন বয়ে বেড়াবেন কি না
অনেকে বলেন, ‘আমরা তো হাইস্কুল থেকে বন্ধু!’ কিন্তু মনে রাখবেন, পরিচিতির দৈর্ঘ্য সম্পর্কের গভীরতার মাপকাঠি নয়। অ্যাপেন্ডিক্স আমাদের জন্মের সময় থেকেই সঙ্গে থাকে। কিন্তু যখন এটি আমাদের মেরে ফেলার চেষ্টা করে, তখন আমরা তা কেটে ফেলে দিই। বন্ধুত্বও ঠিক তেমন। যে সম্পর্ক আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার বদলে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, তা বজায় রাখা নিজের ওপর অবিচার।
যেভাবে সম্পর্কে ইতি টানবেন
বন্ধুত্বের বিচ্ছেদ কোনো সিনেমার মতো বা রোমান্টিক ব্রেকআপের মতো গোছানো হয় না। এটি করার মূলত দুটি উপায় আছে। একটি হলো স্বাভাবিকভাবে সরে আসা। আর এটির সবচেয়ে সহজ উপায় ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দিন, দাওয়াত এড়িয়ে চলুন। অনেক সময় দুই পক্ষই বুঝতে পারে এবং সম্পর্কটি প্রাকৃতিকভাবেই ফিকে হয়ে যায়। দ্বিতীয়টি হলো সরাসরি কথা বলা। এ ক্ষেত্রে যদি সম্পর্কটি গভীর হয়, তবে সরাসরি কথা বলাই সম্মানের। কণ্ঠস্বর কাঁপতে পারে, অস্বস্তি হতে পারে, তবুও স্পষ্টভাবে বলুন—‘আমি তোমাকে গুরুত্ব দিই, কিন্তু এই মুহূর্তে আমরা একে অপরের জন্য ভালো কিছু বয়ে আনছি না।’
বিচ্ছেদের পরের শূন্যতা
বন্ধুত্বের বিচ্ছেদেও শোক আসে। আপনি সেই পুরোনো জোকস, একসঙ্গে তোলা সেলফি বা মন খারাপের দিনে তাদের পাশে থাকার স্মৃতিগুলো মিস করবেন। এই কষ্টটুকু অনুভব করতে দিন, এটি স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, নস্টালজিয়ার চেয়ে মানসিক শান্তি অনেক বেশি মূল্যবান। কিন্তু কাউকে জীবন থেকে বাদ দেওয়া মানে আপনি খারাপ মানুষ নন। এর মানে হলো আপনার নিজস্ব সীমানা আছে। বন্ধুত্ব হওয়া উচিত এমন এক আশ্রয়, যা আপনার তৃষ্ণা মেটাবে, আপনাকে শূন্য করে দেবে না। তাই যখন অনুভব করবেন কোনো সম্পর্ক বিষাক্ত হয়ে গেছে, তখন মর্যাদা নিয়ে বিদায় জানানোই হবে আপনার সবচেয়ে সাহসী কাজ।
সূত্র: বিবিসি, ওয়েব মেড, মিডিয়াম