হোম > জীবনধারা > ফিচার

গৃহশান্তি বজায় রাখবেন যেভাবে

ফিচার ডেস্ক

বাবা-মায়ের প্রতিদিনের আচরণ সন্তানদের মানসিক গঠনকেও প্রভাবিত করে। শান্তভাবে এবং সুন্দর শব্দ ব্যবহার করে মনের ভাব প্রকাশ করার অভ্যাস করুন। ছবি: পেক্সেলস

জীবন মানেই স্ট্রেস বা মানসিক চাপ; যা এড়ানো প্রায় অসম্ভব। কিন্তু দিন শেষে ঘরে ফিরে যদি সেই কাঙ্ক্ষিত প্রশান্তি না পাওয়া যায়, তাহলে জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। বিশেষ করে যারা খুব বেশি সংবেদনশীল বা ‘হাইলি সেনসিটিভ পারসন’, তাদের জন্য বাইরের কোলাহল সামলে ঘরে একটু স্বস্তি পাওয়া মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। একটি শান্তিপূর্ণ ঘর মানেই সেখানে আপনি শারীরিক ও মানসিকভাবে নিরাপদ এবং স্বচ্ছন্দবোধ করবেন। এটি এমন এক আশ্রয়স্থল, যেখানে আপনি যেমন, ঠিক তেমনই থাকতে পারবেন। তবে গৃহশান্তি বজায় রাখা শুধু আসবাবের সাজসজ্জা নয়, এটি আপনার অভ্যাস এবং অন্যদের সঙ্গে সহাবস্থানের একটি শিল্প।

শুরুটা হোক নিজেকে দিয়ে

ঘরের পরিবেশ কেমন হবে, তার সুর বা ‘টোন’ নির্ধারণ করেন বাড়ির অভিভাবকেরাই। আপনি যদি নিজে খিটখিটে মেজাজে দিন শুরু করেন, তবে পুরো পরিবারে তার নেতিবাচক প্রভাব পড়ে। গবেষণায় দেখা গেছে, বাবা-মায়ের প্রতিদিনের আচরণ সন্তানদের মানসিক গঠনকেও প্রভাবিত করে। তাই সন্তানদের হাসিমুখে বরণ করা, চোখে চোখ রেখে কথা বলা এবং ইতিবাচক ব্যবহারের মাধ্যমে আপনি নিজেই শান্তিময় আবহের সূচনা করতে পারেন।

ধীরস্থিরভাবে কথা বলুন

কথার স্বর বা ‘টোন’ গৃহশান্তির অন্যতম প্রধান ভিত্তি। চিৎকার বা মেজাজ দেখিয়ে কথা বললে মানুষের মস্তিষ্কে একধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। শান্তভাবে এবং সুন্দর শব্দ ব্যবহার করে মনের ভাব প্রকাশের অভ্যাস করুন। মনে রাখবেন, মানুষ কড়া নির্দেশের চেয়ে অনুরোধে বেশি সাড়া দেয়।

অপ্রয়োজনীয় জিনিস দূর করুন

অগোছালো পরিবেশ বা জঞ্জাল আমাদের অগোচরেই মানসিকভাবে ক্লান্ত করে ফেলে। একে বলা হয় ‘ক্যাওস’ (CHAOS) বা বিশৃঙ্খলা। অগোছালো ঘরে কোনো অতিথিকে আমন্ত্রণ জানাতেও আমরা দ্বিধাবোধ করি, যা আমাদের সামাজিক জীবনকে ক্ষতিগ্রস্ত করে। নিয়মিত অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। পরিষ্কার এবং সুশৃঙ্খল পরিবেশ আপনার এনার্জি লেভেল বাড়িয়ে দেবে এবং মনের চাপ কমাবে।

দিনের বেলা ঘরের জানালা খুলে দিয়ে প্রাকৃতিক আলো প্রবেশ করতে দিন। এটি মন ভালো রাখে। ছবি: পেক্সেলস

ব্যক্তিগত জায়গার গুরুত্ব দিন

একই বাড়িতে থাকলেও প্রত্যেকের কিছুটা নিজস্ব সময়ের প্রয়োজন হয়। দিনের একটি নির্দিষ্ট সময় ‘কোয়াইট টাইম’ বা নীরব মুহূর্ত হিসেবে পালন করতে পারেন। এটি একা বই পড়া হতে পারে বা ছোট একটি ঘুম। একে অপরের ব্যক্তিগত জায়গার প্রতি শ্রদ্ধাশীল হলে কলহ ও তিক্ততা অনেক কমে যায়।

পরিবেশগত কিছু পরিবর্তন

আলোর ব্যবহার: দিনের বেলা ঘরের জানালা খুলে দিয়ে প্রাকৃতিক আলো প্রবেশ করতে দিন। এটি মন ভালো রাখে। রাতের বেলা উগ্র আলো এড়িয়ে মৃদু বা ডেস্কে ল্যাম্পের আলো ব্যবহার করুন।

বাতাস চলাচল: ঘরে বিশুদ্ধ বাতাসের প্রবাহ আপনার চিন্তা পরিষ্কার করতে সাহায্য করে। এমনকি শীতেও কিছুক্ষণের জন্য জানালা খুলে বাতাস চলাচল করতে দেওয়া ভালো।

সুগন্ধি ও গান: স্ট্রেস কমাতে অ্যারোমাথেরাপি বা সুগন্ধি মোম ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে মৃদু কোনো সুর বা যন্ত্রসংগীত বাজানো থাকলে ঘরের গুমোট ভাব নিমেষে কেটে যায়।

প্রযুক্তি থেকে দূরে থাকুন

অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার এবং সোশ্যাল মিডিয়া অনেক সময় পারিবারিক সম্পর্কের মাঝে দেয়াল তৈরি করে। খাবারের সময় বা একসঙ্গে আড্ডা দেওয়ার সময় ফোন থেকে দূরে থাকুন। পারিবারিক বন্ধন দৃঢ় করতে গুণগত সময় কাটানো বা ‘কোয়ালিটি টাইম’ দেওয়ার কোনো বিকল্প নেই।

গৃহশান্তির পথে বাধা

অনেক সময় কাজের চাপের কারণে ঘর গোছানোর সময় পাওয়া যায় না। অথবা আর্থিক সমস্যার দুশ্চিন্তা ঘরে অস্থিরতা তৈরি করে। এ ছাড়া সঠিক যোগাযোগের অভাব এবং মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জগুলো গৃহশান্তির অন্তরায় হতে পারে। তবে মনে রাখবেন, ঘর শান্তিময় করতে বিশাল কোনো পরিবর্তনের প্রয়োজন নেই; ছোট ছোট অভ্যাস আর পারস্পরিক শ্রদ্ধাবোধই যথেষ্ট।

সূত্র: ভেরি ওয়েল মাইন্ড, রিয়েল সিম্পল

সকালে ঘুম থেকে উঠে মুখ ফোলা দেখাচ্ছে? কারণ ও প্রতিকার জেনে নিন

আজকের রাশিফল: গ্রহের ফেরে নাজেহাল জীবন, ভ্রমণের প্রবল যোগ

ইফতারে রাখতে পারেন মেক্সিকান জার সালাদ

এম্পটি নেস্ট ডিভোর্স ও দাম্পত্যের নতুন সমীকরণ

চুলের যত্নে ঘরেই তৈরি করুন রাসায়নিকবিহীন শ্যাম্পু

ইফতারে থাকুক ব্রকলির পাকোড়া

ঈদে পারফিউম কেনার আগে যা দেখে নেবেন

ঈদের আগে কেমন হবে পুরুষের ত্বক ও চুলের যত্ন

ঈদের আগে সুন্দর চুল পেতে

স্পেশাল মুচমুচে বেগুনি