হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যত ফিলিস্তিনির মুক্তি, প্রায় ততজন গ্রেপ্তার

টানা প্রায় সাত সপ্তাহ ধরে চলা হামলা ও ধ্বংসযজ্ঞের পর গাজায় গতকাল বুধবার ষষ্ঠ দিনের মতো যুদ্ধবিরতি চলছিল। এই যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত ছিল হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিমুক্তির বিনিময়ে দেশটির কারাগার থেকে তিন গুণ ফিলিস্তিনির মুক্তি পাওয়ার বিষয়টি। হামাস বলেছে, যুদ্ধবিরতি চলাকালে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে বহু ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

প্যালেস্টেনিয়ান প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চলাকালে চার দিনে ১৫০ জন ফিলিস্তিনি মুক্তি পেয়েছে। এর মধ্যে ১১৭ জন শিশু এবং ৩৩ জন নারী। এ সময় ১৩৩ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এই চার দিনে হামাস মুক্তি দেয় ৬৯ জিম্মিকে। এর মধ্যে ইসরায়েলি ৫১ জন এবং অন্য দেশের নাগরিক ১৮ জন।

প্যালেস্টেনিয়ান প্রিজনার্স সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ বলেন, ‘যত দিন পর্যন্ত ইসরায়েলি দখলদারত্ব বহাল থাকবে, তত দিন ফিলিস্তিনি গ্রেপ্তার বন্ধ হবে না।...এই গ্রেপ্তারের ঘটনা ৭ অক্টোবরের পর শুরু হয়েছে এমন নয়, এটি নিত্যদিনের বিষয়।’ এমনকি যুদ্ধবিরতির প্রথম চার দিনে কয়েদি মুক্তির চেয়ে বেশিসংখ্যক ফিলিস্তিনি গ্রেপ্তার হলেও অবাক হতেন না বলে মন্তব্য করেন তিনি। 

ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এতে ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। জিম্মি করা হয় ২৪০ জনকে। এরপর ওই দিনই গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ উপত্যকাটিতে টানা ৫১ দিন ধরে ইসরায়েলের বোমাবর্ষণের পর কাতারের মধ্যস্থতায় গত শুক্রবার এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়, যাদের বেশির ভাগই শিশু ও নারী।

৭ অক্টোবরের আগে ইসরায়েলি কারাগারে ছিল ৫ হাজার ২০০ ফিলিস্তিনি। হামলার পরবর্তী দুই সপ্তাহে ধরপাকড় বাড়ায় ইসরায়েলি বাহিনী। এতে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি কয়েদি প্রায় দ্বিগুণ হয় এবং সংখ্যায় তা ১০ হাজার ছাড়িয়ে যায়।

ফিলিস্তিনি কয়েদিদের আইনজীবী ও পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থা বলেছে, ৭ অক্টোবরের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে ৩ হাজার ২৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনিদের স্বাগত জানাতে রামাল্লার সড়কে ভিড় দেখা যায়। কিন্তু মুক্তি পেলেও তাঁদের শঙ্কা কাটেনি। কারণ পূর্ব অভিজ্ঞতা বলছে, ইসরায়েল কারামুক্তদের ফের গ্রেপ্তারই করে, তা কয়েক দিন, সপ্তাহ, মাস কিংবা বছর পেরোলেও। ২০১১ সালের ইসরায়েল-হামাসের বন্দিবিনিময়ের ইতিহাস অন্তত তা-ই বলে। এবার যুদ্ধবিরতিতে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা পুরনায় গ্রেপ্তার হবে না—এর নিশ্চয়তা ইসরায়েলের কাছ থেকে পাওয়া গেছে কি না, তা বলতে পারেননি প্যালেস্টেনিয়ান প্রিজোনার্স সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ।

ভেঙে পড়ার পথে ইসরায়েলি সশস্ত্র বাহিনী—সেনাপ্রধানের সতর্কবার্তা

সৌদিতে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ৫৫০ মিলিয়ন ডলারের ‘উড়ন্ত মস্তিষ্ক’, এর কাজ কী

মধ্যপ্রাচ্যের ৩ দেশের আকাশ সুরক্ষায় সহায়তা দেবে ইউক্রেন, বিলিয়ন ডলারের চুক্তি

ইরানে ‘কয়েক সপ্তাহ’ অভিযানে প্রস্তুত যুক্তরাষ্ট্র, চলতে পারে ‘কয়েক মাসও’

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ৩৫০০ মার্কিন মেরিন-নাবিক, ইরান বলছে—কফিন প্রস্তুত

হরমুজ প্রণালির চাবিকাঠি ইরানের ৭ দ্বীপ, মার্কিন অভিযানের নতুন সমীকরণ

ইরানি ড্রোন মোকাবিলায় একজোট ইউক্রেন-কাতার-আমিরাত

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ১০ মার্কিন সেনা আহত

দুবাইয়ে ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন সিস্টেমের গুদামে ইরানের হামলার দাবি

প্যারাস্যুটে ইরানে নামতে পারে ২ হাজার মার্কিন সেনা