হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি মুক্ত করতে যুদ্ধবিমান–হেলিকপ্টারের যৌথ আক্রমণ চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

আজকের পত্রিকা ডেস্ক­

হরমুজ প্রণালিতে ইরানি নৌযানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ছবি: ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হরমুজ প্রণালি পুনরায় খোলার লক্ষ্যে লড়াই জোরদার করেছে। এই জলপথের ওপর দিয়ে অনেক নিচু দিয়ে উড়া যুদ্ধবিমান পাঠিয়ে ইরানের নৌযান ধ্বংস করা হচ্ছে এবং অ্যাপাচি হেলিকপ্টার দিয়ে ইরানের প্রাণঘাতী ড্রোন ভূপাতিত করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন সামরিক কর্মকর্তারা।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযান পেন্টাগনের বহু ধাপের একটি পরিকল্পনার অংশ। লক্ষ্য ইরানের সশস্ত্র নৌযান, নৌমাইন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের হুমকি কমানো। মার্চের শুরুর দিক থেকে এসব হুমকির কারণে প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ঝুঁকি কমানো গেলে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ প্রণালি দিয়ে পাঠাতে পারবে এবং পরে পারস্য উপসাগরে প্রবেশ-বহির্গামী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তবে বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ রপ্তানি যে সংকীর্ণ জলপথ দিয়ে যায়, সেই চোকপয়েন্টে ইরানের গড়ে তোলা হামলার জাল পুরোপুরি সরাতে কয়েক সপ্তাহ লাগতে পারে। প্রণালিটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে। বৃহস্পতিবার এক পর্যায়ে তা ১১৯ ডলার ছুঁয়ে শেষে ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৬৫ ডলার পর্যন্ত পৌঁছায়। এর ফলে ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে শুরু করা যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে ট্রাম্প প্রশাসনকে নতুন করে ভাবতে হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার পেন্টাগনে সংবাদ সম্মেলনে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান বিমানবাহিনীর জেনারেল ড্যান কেইন এই অভিযানের কথা জানান। তিনি বলেন, ভারী অস্ত্রে সজ্জিত এ-১০ ওয়ার্টহগ যুদ্ধবিমান এবং অ্যাপাচি আক্রমণ হেলিকপ্টার প্রণালির ওপর বা ইরানের দক্ষিণ উপকূলের কাছে অভিযান চালাচ্ছে। তিনি বলেন, ‘এ-১০ ওয়ার্টহগ এখন দক্ষিণ দিক থেকে অভিযান চালিয়ে হরমুজ প্রণালিতে দ্রুতগামী আক্রমণ নৌযান লক্ষ্য করে হামলা করছে।’ তিনি আরও জানান, অ্যাপাচি হেলিকপ্টারও ‘দক্ষিণ দিকের লড়াইয়ে যোগ দিয়েছে।’

কেইন বলেন, কিছু মিত্র দেশ অ্যাপাচি ব্যবহার করছে ‘একদিকে গিয়ে আঘাত হানা ড্রোন’ মোকাবিলায়। ইরান পারস্য উপসাগরজুড়ে প্রতিবেশী আরব দেশ ও তাদের জ্বালানি অবকাঠামোয় হামলায় এই অস্ত্র ব্যাপকভাবে ব্যবহার করেছে।

এক মার্কিন কর্মকর্তা জানান, কয়েক দিন ধরে এ-১০ ও অ্যাপাচি হেলিকপ্টার বাণিজ্যিক জাহাজকে হয়রানি করা ইরানের দ্রুতগামী নৌকা ধ্বংস করছে। অঞ্চলে আগে থেকেই থাকা যুদ্ধবিমানগুলোও এসব ছোট নৌযান ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা করতে পারে, তবে নতুন বিমান যুক্ত হওয়ায় অভিযান আরও তীব্র হয়েছে। মার্কিন বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস পরিচালিত ঘাঁটি ও শক্তভাবে সুরক্ষিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যাটারিতে বোমা হামলা চালিয়েছে। ইরানের নৌবাহিনীর পাশাপাশি এই আধাসামরিক বাহিনী প্রণালির প্রতিরক্ষা তদারক করে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, এসব হামলায় ১২০ টির বেশি ইরানি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

তবে হামলার পরও ইরানের কাছে বিপুল পরিমাণ নৌমাইন, ট্রাকে বসানো ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং শত শত অক্ষত নৌকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উপকূল ও দ্বীপজুড়ে গভীর সুড়ঙ্গসহ গোপন স্থাপনাগুলোতে এগুলো রাখা আছে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির বিশেষজ্ঞ ফারজিন নাদিমি এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রণালিতে নিরাপদভাবে অভিযান চালানো সম্ভব এমন অবস্থায় পৌঁছাতে কয়েক সপ্তাহ লাগবে বলে মনে করি। তবুও ইরানের অনেক সম্পদ টিকে থাকবে।’

ইরান ইতিমধ্যে প্রণালিতে বহু জাহাজে হামলা চালিয়েছে। অনেক ক্ষেত্রে বিস্ফোরকভর্তি ছোট চালকবিহীন নৌকা বা আকাশপথের ড্রোন ব্যবহার করা হয়েছে। কিছু জাহাজে গোলাবর্ষণও করা হয়েছে, শুধু প্রণালিতে নয়, ওমান উপসাগর ও পারস্য উপসাগরেও। বৃহস্পতিবার পরিস্থিতি নতুন মোড় নেয়, যখন ইরান নির্বাচিত কিছু জাহাজকে চলাচলের অনুমতি দেওয়ার পরিকল্পনা শুরু করে। তেহরানের পার্লামেন্ট এ জন্য টোল আরোপের আইন বিবেচনা করছে। এতে ইঙ্গিত মিলছে, উপসাগরীয় অঞ্চলের তেল, গ্যাস ও অন্যান্য পণ্যের ওপর নির্ভরশীল দেশগুলোর সঙ্গে ইরান দরকষাকষি করতে পারে।

ওয়াশিংটনের থিংক ট্যাংক অ্যাটলান্টিক কাউন্সিলের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ ড্যানি সিত্রিনোভিজ বলেন, বাস্তবে এতে ‘জোরপূর্বক পারস্পরিক নির্ভরশীলতার’ পরিস্থিতি তৈরি হতে পারে। উপসাগরের জ্বালানি পেতে হলে দেশগুলোকে সরাসরি বা পরোক্ষভাবে ইরানকে মানিয়ে নিতে হতে পারে। লড়াই শেষ হলেও এই বাস্তবতা বদলাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ইরান প্রণালিতে কতগুলো নৌমাইন পুঁতেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তাদের কাছে বিভিন্ন ধরনের মাইন রয়েছে, যেগুলোর কিছু সমুদ্রতলে নোঙর করে রাখা যায় এবং জাহাজ পাশ কাটালে দূরনিয়ন্ত্রণে বিস্ফোরণ ঘটানো যায়। যুক্তরাষ্ট্র সম্প্রতি মাইন অপসারণে ব্যবহৃত লিটোরাল কমব্যাট জাহাজগুলো অঞ্চল থেকে সরিয়ে নিয়েছে। সবচেয়ে সরু স্থানে প্রণালিটির প্রস্থ মাত্র ২৪ মাইল। এত সংকীর্ণ যে শত শত মাইল দূর থেকেও ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র জাহাজে আঘাত হানতে পারে বলে সেন্টার ফর নেভাল অ্যানালাইসিসের বিশ্লেষক মাইকেল কনেল জানান।

তিনি বলেন, জাহাজ চলাচল পুনরায় শুরু করার মতো পর্যায়ে ঝুঁকি কমানো ‘সম্ভব, কিন্তু সময় লাগে এবং শতভাগ নিরাপত্তা কখনোই পাওয়া যাবে না।’ তাঁর ভাষায়, ‘আমরা এমন পর্যায়ে যেতে পারি যেখানে জাহাজ চলবে, তবু ভাগ্য খারাপ হলে হামলার শিকার হতে পারে।’

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরাও গত বছর দুই মাস ধরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও চালকবিহীন নৌকা দিয়ে অভিযান চালিয়েছিল, যা বর্তমান পরিস্থিতির সঙ্গে মিল রয়েছে। যুক্তরাষ্ট্র ইয়েমেনে এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল, কিন্তু মে মাসে যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত হামলা পুরোপুরি থামাতে পারেনি।

হেলফায়ার ক্ষেপণাস্ত্রে সজ্জিত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের দীর্ঘদিনের একটি দায়িত্ব হলো উপসাগরীয় ঘাঁটি থেকে ইরানের মাইন পাতা নৌকা আঘাত করা। এ-১০ যুদ্ধবিমান মূলত স্থলযুদ্ধে কাছাকাছি সহায়তা দেওয়ার জন্য তৈরি হলেও এখন সমুদ্রে জাহাজে হামলার কাজে ব্যবহার করা হচ্ছে বলে জেনারেল কেইন জানান।

চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতে আরও আধুনিক অস্ত্র তৈরির জন্য অর্থ বাঁচাতে মার্কিন বিমানবাহিনী বহুদিন ধরে এ-১০ অবসর দিতে চেয়েছিল। তবে নাকের সামনে বসানো ৩০ মিমি কামান ও ডানায় ঝোলানো বোমাসহ এই বিমান বিদ্রোহী দমনে আগের অভিযানগুলোতে কার্যকর প্রমাণিত হয়েছে এবং এখন সমুদ্রে ইরানি লক্ষ্যবস্তুতেও ব্যবহৃত হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে এ-১০ বিমান জর্ডানে মোতায়েন ছিল, সেখান থেকে ইসলামিক স্টেট জঙ্গিদের ওপর হামলা চালানো হয়েছে।

পাইলট সুরক্ষায় টাইটানিয়াম আবরণযুক্ত ককপিট থাকা এ-১০ প্রধানত ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ দেখেছে। তবে সমুদ্রপথের মিশনেও এটি ব্যবহৃত হয়েছে। ২০২৩ সালের বসন্তে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে পেন্টাগন হরমুজ প্রণালিতে টহলে এ-১০ মোতায়েন করেছিল। ফেব্রুয়ারিতে এই বিমানগুলো অঞ্চলে একটি লিটোরাল কমব্যাট জাহাজের সঙ্গে যৌথ মহড়া চালায়।

হরমুজ প্রণালি খুলে দিল ইরান, পারাপারে মানতে হবে যে শর্ত

ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আছে ৫০,০০০ সেনা, আরও কয়েক হাজার মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

এবার কুয়েতের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের হামলা

স্লোভেনিয়ার জাতীয় নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে

তোমরা কাপুরুষ, এই অসহযোগিতা মনে রাখা হবে—ন্যাটো মিত্রদের ট্রাম্প

রীতি ভেঙে বর্তমান প্রেসিডেন্টের ছবিযুক্ত স্বর্ণমুদ্রা আনছে যুক্তরাষ্ট্র

আল-আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

আয়রন ডোমের তথ্য ইরানে পাচার করেছেন ইসরায়েলি সেনা

জাপানি প্রধানমন্ত্রীর সামনেই পার্ল হারবার আক্রমণ নিয়ে ট্রাম্পের কৌতুক

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনের সাক্ষাৎ