হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইরান, শত্রুরা পস্তাবে—লারিজানির হুঁশিয়ারি

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি। ছবি: সিএনএন

ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানি বলেছেন, তেহরান দীর্ঘ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং শত্রুদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

লারিজানি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো নয়, ইরান দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। গত ৩০০ বছরের মতো এবারও ইরান এই যুদ্ধ শুরু করেনি এবং আমাদের সাহসী সশস্ত্র বাহিনী আত্মরক্ষা ছাড়া কোনো আক্রমণে জড়ায়নি।’

তিনি আরও বলেন, ‘যেকোনো মূল্যেই আমরা নিজেদের এবং আমাদের ছয় হাজার বছরের প্রাচীন সভ্যতাকে রক্ষা করব। শত্রুরা তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হবে।’

গত শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে জানা যায়। এই ঘটনার পর তেহরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এর জেরে উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে আরও হামলার ঘটনা ঘটে।

সহিংসতার এই ধারাবাহিকতায় এখন পর্যন্ত শত শত মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশটিতে অন্তত ৫৫৫ জন নিহত হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে এবং তা গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সংযম ও কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হচ্ছে।

আরব আমিরাতে এক দিনে ইরানের ১৫ ক্ষেপণাস্ত্র, ১৪৮ ড্রোন হামলা

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার

ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার

ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প

পারমাণবিক অস্ত্র বাড়াবে ফ্রান্স: মাখোঁ

মাটির নিচে ড্রোনের বিশাল মজুত, ভিডিও প্রকাশ ইরানের

তুর্কি সীমান্ত দিয়ে দলে দলে ইরান ছাড়ছে মানুষ

ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, চলে গেল মার্কিন যুদ্ধবিমান

ইরানের পাশে থাকার ঘোষণা চীনের

ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী