যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং উত্তেজনা প্রশমনে ইরান যেকোনো ‘সিরিয়াস’ বা কার্যকর প্রচেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুত বলে জানিয়েছে ওমান। আজ রোববার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে এক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ কথা জানান।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ফোনালাপে আব্বাস আরাঘচি বলেন, ইরান সব সময় শান্তি বজায় রাখার পক্ষে। তবে তিনি অভিযোগ করেন, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো যৌথ হামলা পুরো অঞ্চলে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। সংঘাত থামিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যেকোনো ‘সিরিয়াস’ বা কার্যকর প্রচেষ্টায় ইরান ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইরানকে সর্বোচ্চ ‘সংযম’ প্রদর্শনের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যমান সুসম্পর্ককে ক্ষতিগ্রস্ত বা বিঘ্নিত করে।
প্রসঙ্গত, ওমান দীর্ঘদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে; বিশেষ করে পারমাণবিক চুক্তি (নিউক্লিয়ার টক) নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা তৈরিতে মাসকাটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।