হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির মধ্যেও আরও ৩১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

গতকাল শনিবার ইসরায়েলি হামলায় হতাহতদের সরিয়ে নিচ্ছে উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ শিশুসহ কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার এক দিন আগে এই হামলাগুলো চালানো হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল শনিবার গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য স্থাপিত এক তাবুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হন। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। নিহতদের মরদেহ খান ইউনিসের আল–নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়।

গাজা সিটির পশ্চিমের রেমাল এলাকায় এক আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ।

গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, ‘বিস্ফোরণের তীব্র অভিঘাত আমরা অনুভব করেছি। এরপর পুরো এলাকা ঢেকে যায় ঘন, কালো ধুলোর মেঘে। ওই আবাসিক ফ্ল্যাটের ভেতরে অন্তত পাঁচজন নিহত হন, যাদের মধ্যে একজন মা ও শিশুরাও রয়েছে।’

এ ছাড়া গাজা সিটির দারাজ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বোমা হামলায় আরও আটজন ফিলিস্তিনি আহত হয়েছেন। হানি মাহমুদ বলেন, ‘এই সবকিছুই ঘটছে ইয়েলো লাইনের ভেতরে।’ ইয়েলো লাইন বলতে সেই সীমারেখাকে বোঝানো হয়, যেখানে অক্টোবর মাসে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ অনুযায়ী ইসরায়েলি সেনারা অবস্থান নিয়েছিল। তিনি আরও জানান, খান ইউনিসে একটি ভবন ইসরায়েলি সেনাবাহিনীর পূর্ব সতর্কবার্তার পর যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি সর্বশেষ ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এই যুদ্ধবিরতিকে ‘নামমাত্র যুদ্ধবিরতি’ বলে মন্তব্য করেছেন। তিনি এক্সে লেখেন, ‘যুদ্ধবিরতি মানে অস্ত্র নীরব হওয়া এবং যুদ্ধ শেষ করার প্রচেষ্টা শুরু হওয়া। গাজার মানুষ একটি প্রকৃত যুদ্ধবিরতির অধিকারী—যে যুদ্ধবিরতি অনেক আগেই প্রয়োজন ছিল।’

যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতারও ইসরায়েলের সর্বশেষ হামলার নিন্দা জানিয়েছে। মিসর রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার পরিকল্পনার আগে সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম প্রদর্শনের’ আহ্বান জানিয়েছে। কাতার বলেছে, এই সহিংসতা একটি ‘বিপজ্জনক উত্তেজনা’, যা পরিস্থিতিকে আরও জটিল করবে এবং যুদ্ধবিরতি সুসংহত করার আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, শুক্রবার রাফাহ এলাকায় একটি টানেল থেকে আটজন ফিলিস্তিনি যোদ্ধা বেরিয়ে আসার ঘটনার প্রতিশোধ হিসেবেই তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, ওই ঘটনা যুদ্ধবিরতির লঙ্ঘন। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামাস ও ইসলামিক জিহাদ সংগঠনের চারজন কমান্ডারসহ আরও যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি ইসরায়েলি সেনাবাহিনীর এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি এএফপিকে বলেন, ‘আজ যা ঘটেছে, তা একটি পূর্ণাঙ্গ অপরাধ। এটি এমন এক অপরাধী শত্রুর কাজ, যারা কোনো চুক্তি মানে না এবং কোনো প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখায় না।’

গাজার সরকারি জনসংযোগ বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফাহ সীমান্ত শহরের বাসিন্দারাও জানিয়েছেন, ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে একাধিক বিমান হামলা হয়েছে। ২০২৪ সালের মে মাসের পর এই প্রথম রোববার রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার কথা রয়েছে।

এই গুরুত্বপূর্ণ প্রবেশপথটি খোলা হচ্ছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে। প্রথম ধাপেই এটি খোলার কথা ছিল। তবে ইসরায়েল তা প্রত্যাখ্যান করে, যতক্ষণ না গাজায় আটক থাকা তাদের শেষ বন্দী রান গিভিলির মরদেহ খুঁজে পাওয়া যায় এবং তাকে সমাহিত করা হয়। চলতি সপ্তাহের শুরুতে সেটি সম্পন্ন হয়।

শনিবার ইসরায়েল জানিয়েছে, তারা কেবলমাত্র ‘সীমিত সংখ্যক মানুষের চলাচল’ অনুমতি দেবে, যাদের ইসরায়েলের পক্ষ থেকে নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হয়েছে। কোনো ধরনের ত্রাণ বা মানবিক সহায়তা এই পথে প্রবেশ করতে দেওয়া হবে না। গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ আল জাজিরাকে বলেন, গাজার স্বাস্থ্য পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। দ্রুত চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

তিনি চিকিৎসা সামগ্রী প্রবেশের অনুমতি দেওয়ার পাশাপাশি আহত ফিলিস্তিনিদের গাজার বাইরে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা সহজ করার আহ্বান জানান।

ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল

কুখ্যাত এপস্টেইন ফাইলে বাংলাদেশের আইসিডিডিআরবি

যুক্তরাষ্ট্র হামলা করলে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে, খামেনির হুঁশিয়ারি

বাজেটে কেন ইরানের চাবাহার বন্দরের জন্য বরাদ্দ রাখল না ভারত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪০ ঘণ্টায় নিহত ১৪৫

অফিসের চাপে প্রাণ গেল কর্মীর, মৃত্যুর ৮ ঘণ্টা পরও এল কাজের নির্দেশ

বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪ শতাংশ বাড়াল ভারত

ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করেছেন ট্রাম্প

নিয়ন্ত্রণবিধি ছাড়াই এআইয়ের সামরিক ব্যবহার চায় পেন্টাগন

মার্কিন হামলার আতঙ্ক, দরজা-জানালা সিল করে খাবার-পানি মজুত করছেন ইরানিরা