ক্ষেপণাস্ত্রের গর্জন নয়, প্রতিবাদের ভাষা যখন হয়ে ওঠে সুর ও নীরবতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের বেসামরিক জ্বালানি কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোতে বোমা হামলার হুমকির প্রতিবাদে এক অনন্য নজির সৃষ্টি করলেন প্রখ্যাত ইরানি সুরকার ও সুরস্রষ্টা আলী ঘামসারি।
ইরানের ‘দামাভান্দ’ বিদ্যুৎ কেন্দ্রের প্রবেশপথে তিনি একাই অবস্থান ধর্মঘটে বসেছেন। তাঁর এই প্রতিবাদের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।
সম্প্রতি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইরানের বেসামরিক জ্বালানি অবকাঠামোগুলো ধ্বংস করার হুমকি দেওয়া হয়। আলি ঘামসারি মনে করেন, বিদ্যুৎ কেন্দ্রের মতো জনগুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা মানে সাধারণ মানুষের জীবনযাত্রাকে পঙ্গু করে দেওয়া। এই মানবিক সংকটের আশঙ্কা থেকেই তিনি কোনো অস্ত্র নয়, বরং নিজের শিল্পসত্তাকে ঢাল হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্রের সামনে অবস্থান নিয়েছেন।
ঘামসারির এই শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন বিশ্বের বহু শিল্পী ও সাধারণ মানুষ। যুদ্ধের দামামার মাঝে এক সুরকারের এই নির্ভীক অবস্থান আন্তর্জাতিক মহলে শান্তির বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।