হোম > বিশ্ব > ইউরোপ

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন–উইন্ডসর। ছবি: এএফপি

সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় রাজা তৃতীয় চার্লস বলেছেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে’ এবং পুলিশের প্রতি তাঁর ‘পূর্ণ ও আন্তরিক সমর্থন ও সহযোগিতা’ রয়েছে।

পুলিশ এর আগে জানিয়েছিল, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর সংশ্লিষ্টতা এবং গোপনীয় তথ্য আদান-প্রদানের অভিযোগগুলো তারা খতিয়ে দেখছে। যুক্তরাষ্ট্র সরকার প্রকাশিত নথিপত্রের মধ্যে এই দুই ব্যক্তির মধ্যকার যোগাযোগ-সংক্রান্ত তথ্যও উঠে এসেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে টেমস ভ্যালি পুলিশ নিশ্চিত করেছে, ওই ব্যক্তিকে ‘তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে।’ তারা আরও জানায়, নরফোকের তল্লাশি অভিযান শেষ হয়েছে। আইলশাম পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সময় সাবেক এই রাজপুত্রকে একটি গাড়ির পেছনের সিটে গা এলিয়ে বসে থাকতে দেখা যায়।

এই প্রথম অ্যান্ড্রুকে গ্রেপ্তার করা হলো। তবে তিনি শুরু থেকেই অত্যন্ত দৃঢ়ভাবে সব ধরনের অন্যায় বা অপরাধের অভিযোগ অস্বীকার করে আসছেন।

টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, একটি ‘পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের’ পর এখন আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে পুলিশ আরও জানিয়েছিল, তারা একটি পৃথক অভিযোগ খতিয়ে দেখছে। অভিযোগটি হলো, ২০১০ সালে এপস্টেইন দ্বিতীয় একজন নারীকে অ্যান্ড্রুর সঙ্গে যৌন সংসর্গের জন্য যুক্তরাজ্যে পাঠিয়েছিলেন। ওই নারী ব্রিটিশ নাগরিক নন এবং সে সময় তাঁর বয়স ছিল ২০-এর কোঠায়।

বিবিসি নিউজ জানতে পেরেছে, অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করার আগে টেমস ভ্যালি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আগাম সতর্কবার্তা দিয়েছিল।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সকাল ৮টায় স্যান্ড্রিংহাম থেকে করা এই গ্রেপ্তার কোনো যৌন অপরাধের অভিযোগের ভিত্তিতে নয়। ব্রিটিশ রাজার নরফোক এস্টেটের বাইরে পুলিশের ছদ্মবেশী গাড়ি দেখা গেছে। উইন্ডসরের বাড়ি ছাড়ার পর থেকে সাবেক এই রাজপুত্র সেখানেই বসবাস করছেন।

বিবিসি বুঝতে পেরেছে, উইন্ডসর গ্রেট পার্কে অ্যান্ড্রুর সাবেক বাসভবন ‘রয়্যাল লজ’-এ পুলিশ তল্লাশি চালাচ্ছে। সেখানকার গেটের বাইরে ইউনিফর্ম পরা বেশ কিছু পুলিশ সদস্যকে দেখা গেছে।

টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, ‘জাতীয় নীতিমালা অনুযায়ী’ তারা গ্রেপ্তার ব্যক্তির নাম প্রকাশ করছে না। তারা সতর্ক করে বলেছে, যেহেতু মামলাটি এখন সক্রিয়, তাই আদালত অবমাননা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল অলিভার রাইট বলেন, ‘আমরা এই মামলার প্রতি জনগণের ব্যাপক আগ্রহের বিষয়টি বুঝতে পারছি এবং যথাসময়ে আপডেট প্রদান করব।’ নরফোক কনস্ট্যাবুলারি বিবিসিকে জানিয়েছে, তারা, ‘সরকারি পদে থাকাকালে অসদাচরণ-সংক্রান্ত একটি তদন্তে টেমস ভ্যালি পুলিশকে সহযোগিতা করছে।’

সাবেক ডিউক অব ইয়র্ক ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি বিশ্বজুড়ে ভ্রমণ করেছেন এবং বিশ্বের জ্যেষ্ঠ সরকারি ও ব্যবসায়িক মহলে বিশেষ সুবিধা ও যোগাযোগ উপভোগ করেছেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে সম্প্রতি প্রকাশিত এপস্টেইন-সংক্রান্ত নথিপত্র অনুযায়ী, ২০১০ সালে অ্যান্ড্রু ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং চীন সফরের সরকারি রিপোর্টগুলো এপস্টেইনকে পাঠিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

নথিপত্রগুলো আরও নির্দেশ করে, অ্যান্ড্রু আফগানিস্তানে সোনা ও ইউরেনিয়াম খনিতে বিনিয়োগের সুযোগ-সংক্রান্ত তথ্যও এপস্টেইনকে পাঠিয়েছিলেন। সরকারি নীতিমালা অনুযায়ী, বাণিজ্য দূতদের আনুষ্ঠানিক সফরের সংবেদনশীল, বাণিজ্যিক বা রাজনৈতিক তথ্যের গোপনীয়তা বজায় রাখার বাধ্যবাধকতা রয়েছে।

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা