হোম > বিশ্ব > ইউরোপ

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

আজকের পত্রিকা ডেস্ক­

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের আগ্রাসী বৈদেশিক নীতির কড়া সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক এবং গ্রিনল্যান্ড দখলের হুমকির মতো ঘটনাগুলোকে ইঙ্গিত করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বব্যবস্থার রক্ষক নয়; বরং তা ধ্বংসকারী হিসেবে আবির্ভূত হয়েছে।

স্টাইনমায়ার বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বকে এমন একটি ‘ডাকাতের আস্তানায়’ পরিণত হতে দেওয়া যাবে না। নীতিহীন শক্তিশালী দেশগুলো যা খুশি তাই ছিনিয়ে নেবে এবং পুরো বিশ্বকে গুটিকয়েক পরাশক্তির ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচনা করবে—এটা হতে পারে না।

সাবেক এই জার্মান পররাষ্ট্রমন্ত্রী মার্কিন আচরণকে ইতিহাসের দ্বিতীয় ‘মর্মান্তিক ভাঙন’ হিসেবে অভিহিত করেছেন। রাশিয়ার ক্রিমিয়া দখল এবং ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনকে তিনি প্রথম ঐতিহাসিক ধাক্কা হিসেবে উল্লেখ করেন।

স্টাইনমায়ার বলেন, যে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা গড়ে তুলেছিল, এখন তাদের এহেন ‘মূল্যবোধের অবক্ষয়’ দ্বিতীয় বড় বিপর্যয়। তাঁর মতে, বিশ্বে গণতন্ত্র এখন আগের চেয়ে অনেক বেশি হুমকির মুখে।

প্রেসিডেন্টের এই কঠোর অবস্থান মূলত গত কয়েক দিনের অস্থির বিশ্ব পরিস্থিতিরই প্রতিফলন। গত শনিবার মার্কিন অভিযানে মাদুরোর অপহরণকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখছেন ইউরোপীয় নেতারা। এরপরই ‘জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার’ বলে ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি ন্যাটো জোটের মধ্যে গভীর ফাটল সৃষ্টি করেছে।

জার্মান প্রেসিডেন্ট মনে করেন, বর্তমান সংকট কাটাতে কেবল ইউরোপই যথেষ্ট নয়। তিনি বিশ্বব্যবস্থাকে রক্ষা করতে ব্রাজিল ও ভারতের মতো উদীয়মান শক্তিগুলোকে ‘সক্রিয় হস্তক্ষেপ’ করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘স্থিতিশীলতার স্বার্থে এই দেশগুলোকে বৈশ্বিক আইনের সুরক্ষায় শামিল করতে হবে।’

উল্লেখ্য, জার্মানিতে প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক হলেও স্টাইনমায়ারের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক গুরুত্ব পাচ্ছে। বার্লিন এখন সরাসরি ওয়াশিংটনের নীতি থেকে নিজেদের দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স

ড্রোন হামলার পর ‘রাস তানুরা’ শোধনাগার বন্ধ করল সৌদি আরামকো

ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

ইরানে হামলার আগে স্কুলছাত্রীদের কথা ভাবা হলো না কেন— প্রশ্ন তসলিমা নাসরিনের

খামেনির মৃত্যুর পর আলোচনায় খোমেনির নাতি—কে এই হাসান

হিজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার

ইসরায়েল-সৌদিকে দিয়ে কি ইরানে মুক্তি আনতে চান, প্রশ্ন বার্নি স্যান্ডার্সের

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

মার্কিন–ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১৩১ শহর, নিহত অন্তত ৫৫৫

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইতিহাস গড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্রাম্পের স্ত্রী