হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা নিয়ে ট্রাম্পের সব প্রস্তাবে হামাস রাজি হয়নি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ব্যাপারটিকে গাজার চলমান সংঘাত বন্ধের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে; বিশেষ করে হামাস জিম্মিদের মুক্তির বিষয়ে নীতিগতভাবে রাজি হওয়ায় ইসরায়েলি পরিবারগুলোর মধ্যে দীর্ঘদিনের হতাশার পর আশার সঞ্চার হয়েছে।

অন্যদিকে, হামাস ট্রাম্পের প্রস্তাবে রাজি হলে তিনি ‘অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার’ জন্য ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানান। কিন্তু ট্রাম্প বলার পরও ইসরায়েল গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার স্থানীয় সময় ভোর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফলে প্রশ্ন উঠেছে, ট্রাম্পের শান্তি প্রস্তাবে ফিলিস্তিনে শান্তি ফিরবে তো! কারণ, ট্রাম্পের দীর্ঘ ২০ দফা প্রস্তাবের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হামাসের বিবৃতিতে অনুপস্থিত, যা নিয়ে জটিলতা বাড়তে পারে। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো হামাসের নিরস্ত্রীকরণের শর্তটি।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা হামাসের জবাবে দেখা যায়, তারা গাজার নিরস্ত্রীকরণ ও সামরিক শক্তি হ্রাস করার শর্তে সম্মত হয়নি। এই শর্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—উভয়েরই দীর্ঘদিনের দাবি ছিল। হামাস এর আগেও এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

এ ছাড়া হামাস অবিলম্বে গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি জানালেও ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। হামাস এতে সম্মত হয়নি। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে স্পষ্ট করে জানিয়েছেন, ইসরায়েলি দখলদারি শেষ না হওয়া পর্যন্ত হামাস অস্ত্র সমর্পণ করবে না।

হামাস আরও জানায়, তারা ফিলিস্তিনি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত এবং আরব ও ইসলামি বিশ্ব সমর্থনপুষ্ট স্বাধীন (টেকনোক্র্যাট) একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গাজার প্রশাসনের দায়িত্ব হস্তান্তর করতে প্রস্তুত।

তবে হামাসকে রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে রাখার ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে তারা সরাসরি কিছু বলেনি, বরং ভবিষ্যতের যেকোনো ফিলিস্তিনি জাতীয় আলোচনায় তারা ‘অন্তর্ভুক্ত থাকবে এবং তাতে অবদান রাখবে’ বলে জানিয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধিদল আজ রাতে কায়রোয় পৌঁছাবে। সৌদি আরবের আল-হাদাত টিভি নেটওয়ার্ককে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র এ তথ্য জানিয়েছে। যদি এই আলোচনা সফল হয়, তবেই দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত হবে। এর আগে কিছুই বলা যাচ্ছে না, বরং শান্তি প্রস্তাবের জটিলতাগুলোই সামনে আসছে।

ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার

ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প

পারমাণবিক অস্ত্র বাড়াবে ফ্রান্স: মাখোঁ

মাটির নিচে ড্রোনের বিশাল মজুত, ভিডিও প্রকাশ ইরানের

তুর্কি সীমান্ত দিয়ে দলে দলে ইরান ছাড়ছে মানুষ

ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, চলে গেল মার্কিন যুদ্ধবিমান

ইরানের পাশে থাকার ঘোষণা চীনের

ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

হামলায় আহত খামেনির স্ত্রীও মারা গেছেন

ইরানকে ঐশ্বরিক মৃত্যু উপহার দিয়েছে আমেরিকা ও ইসরায়েল: হেগসেথ