হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরান যুদ্ধের সমাপ্তি দেখা যাচ্ছে, ‘ভুয়া’ আলোচনার সুযোগ নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বার্তা আদান-প্রদান চলছে এবং যুদ্ধের সমাপ্তি এখন দৃশ্যমান বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফক্স নিউজে শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বর্তমানে আলোচনা চলছে। যেকোনো সময় সরাসরি বৈঠকের সম্ভাবনাও রয়েছে। আমরা সব সময় এ ধরনের আলোচনার জন্য প্রস্তুত।’

তবে রুবিও সতর্ক করে দিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কোনোভাবেই ‘ভুয়া আলোচনা’র সুযোগ দেবেন না। তিনি বলেন, ‘সময়ক্ষেপণ বা কালক্ষেপণের কৌশল হিসেবে এই আলোচনাকে ব্যবহার করতে দেওয়া হবে না।’

যুদ্ধের সমাপ্তি নিয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা না জানালেও রুবিও হ্যানিটিকে বলেন, ‘আমরা এখন যুদ্ধের শেষ দেখতে পাচ্ছি।’

এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আজ বুধবার সন্ধ্যায় ইরানের প্রসঙ্গে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টায় এ ভাষণ প্রচারিত হবে। ট্রাম্প ইরানের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবেন বলে জানান লেভিট।

এর আগে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের কাছে দাবি করেন, ইরান এখন চুক্তি করতে আকুল হয়ে আছে, তারা চুক্তি ভিক্ষা চাইছে। ইরানের সবকিছু বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

ওভাল অফিসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প আরও বলেন, ‘তারা হারছে। তারা নিজেরাও স্বীকার করছে যে তারা হারছে। এখন তারা চুক্তি করার জন্য আমাদের কাছে ভিক্ষা করছে।’

ইরানের আর কোনো নৌবাহিনী বা সামরিক শক্তি নেই। কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নেই বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘তারা কোনো প্রতিরোধই গড়ে তুলছে না। আমাদের দিকে গুলিও ছুড়ছে না। কারণ তাদের সব সরঞ্জাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গুলি চালানোর মতো কিছুই নেই।’

ইরানের সঙ্গে চুক্তি করতে ইচ্ছুক কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে কোনো চুক্তি করতেই হবে, এমন নয়। তবে তাদের পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যাবে না।’

যুক্তরাষ্ট্র কবে ইরান ছাড়বে জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তখনই ইরান ছাড়বে যখন তারা নিশ্চিত হবে যে ইরান দীর্ঘ সময়ের জন্য কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কবে ইরান ছাড়বে, তার সঙ্গে কোনো চুক্তির সম্পর্ক নেই। তবে চুক্তি হোক বা না হোক যুক্তরাষ্ট্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে বলে জানান ট্রাম্প।

তিনি জানান, তাঁর একটাই লক্ষ্য ছিল, ইরানের যেন কোনো পারমাণবিক অস্ত্র না থাকে। সেই লক্ষ্য অর্জিত হয়েছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমরা কাজ শেষ করছি। হয়তো দুই সপ্তাহের মধ্যে, বা কয়েক দিন বেশি সময় নিয়ে আমরা কাজ শেষ করে চলে যাব।’

ন্যাটো ‘কাগুজে বাঘ’, ব্রিটেনের বিমানবাহী রণতরিগুলো ঠিকমতো কাজই করে না: ট্রাম্প

সফরের মাঝপথে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

বাগদাদে মার্কিন নারী সাংবাদিক অপহৃত

আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

‘ওকে লাথি মেরে বের করে দিন’—নেতানিয়াহুর ছেলেকে যুদ্ধে পাঠাতে বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী

এবার কাতার উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা

চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করবেন ট্রাম্প, ইউরোপকে বললেন—‘নিজেদের তেল নিজেরা জোগাড় করো’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: যে কারণে যুদ্ধ জয়ে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের আইন ইসরায়েলের

যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাঘচির মন্তব্যে নতুন উত্তেজনা