‘তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ পাঠ আমি করাতে আগ্রহী—মিজানুর রহমান আজহারী’ (বানান অপরিবর্তিত) দাবিতে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এই পোস্টে দাবি করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়াতে চান জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।
এই দাবিতে ফেসবুকে পোস্ট রয়েছে এখানে, এখানে এবং এখানে আলোচিত দাবিতে ‘Lalmaiya TV’ নামের একটি ফেসবুক পেজের শেয়ার করা ফটোকার্ডে আজ মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত প্রায় ১০ হাজার রিয়েকশন পড়েছে। এছাড়া পোস্টটি ৭৬৭ বার শেয়ার হয়েছে এবং এতে ৫৬৫টি কমেন্ট রয়েছে।
আলোচিত দাবিতে লালমাইয়া টিভির করা একটি পোস্টের কমেন্ট যাচাই করে দেখা গেছে, বেশিরভাগ কমেন্টে প্রচারিত দাবিকে সমর্থন জানানো হয়েছে। Abdul Kader নামের একটি আইডি থেকে বলা হয়েছে, ‘আজহারী ভাই, আপনি শপথ করালে ভালোই হয়। আপনার সঙ্গে বায়তুল মোকাররম মসজিদের খতিব সাহেবকে রাখতে পারেন। এত এত সংস্কার হবে, এখানেও একটু সংস্কার হলে মন্দ হয় না।’
Delwar Hossain নামের অপর একটি আইডি থেকে বলা হয়েছে, ‘আজহারী অনেক ভালো মানুষ। তাঁকে দিয়ে শপথ করালে ১৮ কোটি মানুষ খুশি হবেন।’
তবে বেশিরভাগ মন্তব্যকারী সমর্থন জানালেও কেউ কেউ দাবিটিকে মিথ্যা বলেছেন। Younus Bhuiyan নামের একটি আইডি থেকে দাবিটিকে ‘ফেক নিউজ’ বলে উল্লেখ করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ের শুরুতেই প্রচারিত ভাইরাল ফটোকার্ড পর্যবেক্ষণ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক টিম। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, এতে বামপাশে মিজানুর রহমান আজহারী এবং ডানপাশে তারেক রহমানের কোলাজ করা ছবি রয়েছে, পাশাপাশি নিচে ‘বিস্তারিত কমেন্টে’ লেখা রয়েছে। ফটোকার্ডে কোনো গণমাধ্যমের লোগো ব্যবহার করা হয়নি। কার্ডে নিচের অংশে ভিত্তিহীন বিজ্ঞাপন রয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, Lalmaiya TV-এর ফেসবুক পেজে গত ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টা ৪৬ মিনিটে ‘তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ পাঠ আমি করাতে আগ্রহী—মিজানুর রহমান আজহারী’ শিরোনামে পোস্ট করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রায় একই শিরোনামে পেজটিতে আরও একটি ফটোকার্ড শেয়ার করা হয়। তবে প্রচারিত উভয় ফটোকার্ডে ‘বিস্তারিত কমেন্টে’ কথাটি উল্লেখ থাকলেও কমেন্টে যুক্ত লিংকে প্রবেশ করে কোনো তথ্য পাওয়া যায়নি। বরং লিংকে প্রবেশ করলে একটি ফ্রি ব্লগস্পট সাইটে ছবিটিসহ একটি ব্লগ খুলে যায়। সেখানে ‘বিস্তারিত পড়ুন’ হাইপারলিংকে গেলে বিস্তারিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে কোনো ধরনের উৎস উল্লেখ না করে দাবি করা হয়, একটি ওয়াজ মাহফিলে মিজানুর রহমান আজহারী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ানোর আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। আর প্রতিবেদনের শেষে ডিসক্লেইমারে বলা হয়েছে, এই প্রতিবেদনের তথ্য যাচাই করা যায়নি।
এ ছাড়া পেজটিতে বিভিন্ন সময়ে শেয়ার করা ‘তারেক রহমানের বিএনপিকে মানুষ ভোট দিয়েছিল ইসলামকে ভালোবাসে বলেই—চরমোনাই পীর’, ‘তারেক রহমানের সরকার দ্রুতই শপথ পাঠ করবেন ইনশাআল্লাহ—তাসনিম জারা’, ‘তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবার সোনার বাংলা হবে ইনশাআল্লাহ—মিজানুর রহমান আজহারী’ শিরোনামে একাধিক পোস্ট পাওয়া যায়। এসব পোস্টেরও কোনো সত্যতা পাওয়া যায়নি।
এ ছাড়া পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি স্যাটায়ার ক্যাটাগরির পেজ এবং যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হয় বলে উল্লেখ করা হয়েছে। অ্যাকাউন্টটির ‘অ্যাবাউট’ অপশনে লেখা রয়েছে, ‘এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দয়া করে কোনো পোস্ট সিরিয়াসলি নেবেন না। আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজগুলো সারকাজম আকারে প্রকাশ করি।’
এ ছাড়া একই পোস্ট শেয়ার করা অন্যান্য পেজ ও আইডিগুলো যাচাই করে দেখা যায়, সেসব পেজ ও আইডিতে প্রচারিত বেশিরভাগ পোস্টেরই কোনো সত্যতা নেই।
বিষয়টি নিশ্চিত হতে ছড়িয়ে পড়া দাবির বিষয়ে দেশীয় গণমাধ্যমে আরও অনুসন্ধান করা হয়। তবে উক্ত দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া মিজানুর রহমান আজহারীর ভেরিফায়েড ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে যাচাই করে আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।