ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় নায়িকা রত্না অনেক দিন ধরে বড়পর্দায় অনুপস্থিত। তাঁর অভিনীত সর্বশেষ ছবি ‘টাইম মেশিন’ মুক্তি পায় ২০১৮ সালে। রত্না জানালেন, শিগগিরই বিরতি ভাঙছেন তিনি।
ইতিমধ্যে রত্না বেশ কয়েকটি ছবির কাজ শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে জুয়েল ফারসির ‘অরুন বরুন কিরণ মালা’, সত্য রঞ্জন রোমান্সের ‘পরাণ পাখি’, সরকারি অনুদানে নির্মিত দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘কাঁসার থালায় রূপালী চাঁদ’, রকিবুল আলম রকিবের ‘নষ্ট মুন্না’ ও তাজুল ইসলাম এডিনের ‘কঠিন লড়াই’। ছবিগুলো মুক্তির প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রত্না।
চলচ্চিত্রে রত্নার প্রায় দুই দশকের ক্যারিয়ার। স্কুলে পড়া অবস্থায় প্রথম অভিনয় করেন ফেরদৌস আহমেদের নায়িকা হয়ে। ছবির নাম ছিল ‘কেন ভালোবাসলাম’। এরপর দশম শ্রেণিতে পড়ার সময় প্রস্তাব আসে কাজী হায়াতের কাছ থেকে। তাঁর পরিচালনায় অভিনয় করেন কাজী মারুফের বিপরীতে ‘ইতিহাস’ ছবিতে।
২০১৫ সালের ‘টোকিও মুভিজ’র কর্ণধার প্রযোজক আকতারুজ্জামান আকতারকে বিয়ে করেন রত্না। আজ তাঁদের বিবাহিত জীবনের ছয় বছর পূর্ণ হচ্ছে। দুই সন্তান ও স্বামীকে নিয়ে ঢাকাতেই থাকেন রত্না। এর আগে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একপর্যায়ে রাজনীতি থেকে সরেও আসেন। রত্নার আশা, নতুন ছবিগুলো মুক্তি পেলে আবারো সরব হবে তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার।