হোম > বিনোদন > টেলিভিশন

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা

চ্যানেল আই ব্যান্ড ফেস্টের সংবাদ সম্মেলনে আয়োজক ও ব্যান্ডশিল্পীরা ছবি: সংগৃহীত

২০১৪ সালে ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতিবছর ১ ডিসেম্বর দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর অংশগ্রহণে জমজমাট হয়ে উঠত এই আসর। আইয়ুব বাচ্চুর মৃত্যুর পরেও এই ব্যান্ড ফেস্টের কার্যক্রম চালু রেখেছে চ্যানেল আই। প্রতিবছরের মতো এ বছরও ১ ডিসেম্বর চ্যানেল আই স্টুডিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড ফেস্ট ২০২৫।

আইয়ুব বাচ্চু স্মরণে ১২তম এই ব্যান্ড ফেস্ট মাতাবে ১২টি দল—উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, অবসকিউর, নোভা, নির্ঝর, মেহরীন, সিম্ফনি, ফিডব্যাক, স্টারকিং ও তরুণ। বেলা ১১টা থেকে অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে।

ব্যান্ড ফেস্ট আয়োজনের বিস্তারিত তুলে ধরতে গতকাল চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, সংগীতশিল্পী ফোয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, বাপ্পি খান, পার্থ মজুমদার, পিয়ারু খান, হামিন আহমেদ, জয় শাহরিয়ার, শামিম আহমেদ, ব্যান্ড ফেস্টের প্রকল্প পরিচালক রাজু আলীম, পরিচালক অনন্যা রুমা প্রমুখ।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ জানান, আগামী বছর থেকে আরও বড় আয়োজনে এই ব্যান্ড ফেস্টের পরিকল্পনা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ বলেন, ‘তারুণ্যকে জাগিয়ে তোলে ব্যান্ড সংগীত। বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী ব্যান্ডগুলোর শুরুর দিকে পথচলা সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আমাদের ব্যান্ডগুলো আজকে এই অবস্থায় এসেছে। আমরা চ্যানেল আই থেকে প্রতিবার প্রয়াত আইয়ুব বাচ্চুর চাওয়াকে সম্মান জানিয়ে দিনটি বিশেষভাবে পালনের চেষ্টা করি।’

ফোয়াদ নাসের বাবু বলেন, ‘আইয়ুব বাচ্চুর উদ্যোগেই চ্যানেল আইয়ে চালু হয়েছিল এই উৎসব। ব্যান্ড এখন বাংলা মূলধারার সংগীতের অংশ। আমরা এখানে কাজ করছি, ভবিষ্যৎ প্রজন্মও কাজ করতে পারবে। চ্যানেল আইকে ধন্যবাদ, শুরু থেকে সব সময় তারা ব্যান্ড মিউজিকের সঙ্গে ছিল।’

মারা গেছেন অভিনেতা তিনু করিম

ভালোবাসা দিবসে এটিএন বাংলায় ‘পাঁচফোড়ন’

আলেয়া ফেরদৌসীর নির্দেশনায় একুশে ফেব্রুয়ারির নাটকে পুতুল

যাত্রাশিল্পের নিবেদিত প্রাণ মিলন কান্তি দের প্রয়াণ

ডলি জহুরের সঙ্গে ভালোবাসা দিবসের নাটকে শিউলি শিলা

ভাষা দিবসের বিশেষ নাটক ‘চিঠিওয়ালা’

ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন গাজীপুরের সোহাগ নূরী

‘সখিনা’কে খুঁজে পেয়েছেন আবুল হায়াত

বিটিভিতে শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’

প্রযোজনায় অভিনেত্রী পুতুল