হোম > বিনোদন > সিনেমা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘রাক্ষস’ সিনেমার ট্রেলারে সিয়াম। ছবি: সংগৃহীত

রোজার ঈদ উপলক্ষে সিনেমা মুক্তির তালিকা প্রায় চূড়ান্ত। ইতিমধ্যে শুরু হয়েছে প্রচার। পোস্টার, টিজার ও ট্রেলার দিয়ে দর্শকদের আগ্রহ সৃষ্টি করছেন নির্মাতারা। প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।

আগেই ঘোষণা করা হয়েছিল, শুক্রবার আসবে রাক্ষস সিনেমার ট্রেলার। সিনেমাপ্রেমীরা অপেক্ষা করছিলেন বিকেল থেকেই। কিন্তু এদিন সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও দেখা মেলেনি ট্রেলারের। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে বিরক্তিও প্রকাশ করেন। অবশেষে রাত ১২টায় প্রকাশ পায় রাক্ষসের ট্রেলার। ফেসবুকে ট্রেলার শেয়ার করে সিয়াম লেখেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে...আর তখনই শুরু হয় কোপ।’

২ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওতে প্রতিশোধপরায়ণ সিয়ামকে দেখা গেল। ট্রেলার শুরু হয় সিয়ামের সংলাপে। তাঁকে বলতে শোনা যায়, ‘মানুষ বলে, নারী কিসে আটকায়? নারী বলে মায়ায়, ভালোবাসায়, আমি বলি না, নারী আটকায় লোভে। আর লোভে পাপ, আর পাপে মৃত্যু! এরপর নৃশংসতায় মেতে ওঠেন সিয়াম। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, ভালোবাসার মানুষের কাছে প্রতারিত হয়ে প্রতিশোধের নেশায় রাক্ষস হয়ে উঠেছে সিয়াম অভিনীত চরিত্রটি। ট্রেলারজুড়ে ছিল অ্যাকশন ও সহিংসতার দৃশ্য।

রাক্ষস পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এর আগে তিনি বানিয়েছেন ‘বরবাদ’। সেই সিনেমাজুড়েও ছিল ভায়োলেন্স। গত সপ্তাহে নির্মাতা হৃদয় জানিয়েছিলেন ভায়োলেন্সের দিক থেকে বরবাদকে ছাড়িয়ে যাবে রাক্ষস। ট্রেলারে সেই ধারণাই দিয়ে রাখলেন নির্মাতা। রাক্ষসের ট্রেলারে চমক হিসেবে দেখা গেল বরবাদ সিনেমার জিল্লু চরিত্রটি। বরবাদ মুক্তির পর সবার মুখে ছড়িয়ে পড়েছিল শাকিব খানের ‘ওই জিল্লু মাল দে’ সংলাপটি। এবার সিয়াম মুখে শোনা গেল ‘ওই জিল্লু খাইয়া দে’।

রাক্ষস প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, ‘রাক্ষস একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা। আমাদের বিশ্বাস, সিনেমাটি এবারের ঈদে দর্শক পছন্দের শীর্ষে থাকবে।’

রাক্ষসে সিয়ামের নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে। এ ছাড়া আরও আছেন আলীরাজ, বাপ্পারাজ, নাজনীন হাসান চুমকী প্রমুখ।

প্রেমের গল্পে জুটি বাঁধলেন রোশান ও চমক

ঈদে চালু হচ্ছে নতুন সিনেপ্লেক্স খুলছে বন্ধ হল

সম্পদ কিছুটা কমলেও এখনো ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ

অমিতাভ রেজা ও মুশফিকা দম্পতির পরিচালনায় ‘লাভ সিটার’

ঈদ উপলক্ষে শর্টফিল্ম ‘হোম নট কামিং’

ঈদের নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

মুক্তির তালিকায় রয়েছে যেসব সিনেমা ও সিরিজ

ব্যাচেলর পয়েন্টে ফিরে শামীম হাসান বললেন, কেন যে দূরে ছিলাম

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স