গত বছর রোমান্টিক কমেডি ঘরানায় গিয়াস উদ্দিন সেলিম বানিয়েছিলেন ফ্ল্যাশ ফিকশন ‘পারফেক্ট ওয়াইফ’। এক বছরের মাথায় আবারও ফ্ল্যাশ ফিকশন নিয়ে ফিরছেন এই নির্মাতা। নাম ‘পথের প্যাঁচাল’। ৬ মে রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে এটি।
ফ্ল্যাশ ফিকশনটির গল্প নিয়ে নির্মাতা জানান, বায়েজিদ একজন অটোরিকশাচালক। তার জীবনে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে যায় উমা। সে একজন নবীন লেখক, নিজের প্রথম উপন্যাস প্রকাশের চেষ্টা করছে। এমন দুই ভিন্ন প্রেক্ষাপটের চরিত্রকে ঘিরে এগিয়ে যায় গল্প।
পথের প্যাঁচাল ফ্ল্যাশ ফিকশনে বায়েজিদ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান এবং উমা চরিত্রে বহ্নি হাসান। আরও আছেন মনির হাসান খান শিমুল, অশোক ব্যাপারী, প্রণব ঘোষ, সানজিদা ইয়াসমিন স্নিগ্ধা প্রমুখ।
গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘জীবন মানেই এক দীর্ঘ পথ এবং এই পথে তৈরি হয় অসংখ্য গল্প। এখানে দুই শ্রেণির দুই মানুষের কথা আছে। শ্রেণি আলোচনা ও অনুভূতির বয়ান রয়েছে। সামাজিক ট্যাবুর বাইরে গিয়ে সম্পর্কের এক মানবিক রূপ এখানে ফুটে উঠবে।’
ইয়াশ রোহান বলেন, ‘এটা একধরনের প্রতিভার গল্প। প্রতিভা এমন এক বিষয়, এটা কখন কোথায় কার মধ্যে কীভাবে থাকবে, তা কেউ জানে না। এ গল্পটাও তেমন। দুজন মানুষের পারস্পরিক সম্পর্কের গল্প। যে মানুষটাকে সবাই মেধাহীন বলে জানে, তার মধ্যেই জ্বলে ওঠে প্রতিভার বহ্নিশিখা।’
বহ্নি হাসান বলেন, ‘উমা চরিত্রটি স্ট্রং পার্সোনালিটির একজন স্বাবলম্বী নারী। স্বাভাবিকভাবেই চরিত্রটির উল্টো দিকে অনেক মানুষকে দেখা যায়। অন্য চরিত্রগুলোর সঙ্গে স্ট্রাগল করলেও বায়েজিদ চরিত্রটি উমাকে অন্য এক ভাবনায় নিয়ে যায়। একটা হিউম্যান কানেকশন তৈরি হয় বায়েজিদ ও উমার মধ্যে। এটা ঠিক প্রেম না, আবার কোনো কিছুই তো প্রেমের বাইরে না।’
শিপ্রা দেবনাথের গল্পে পথের প্যাঁচালের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গিয়াস উদ্দিন সেলিম। আলফা আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এটি।