হোম > বিনোদন

স্ত্রীর আত্মহত্যায় অভিনেতা আলভীর নামে মামলা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

যাহের আলভী। ছবি: সংগৃহীত

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।

মামলার অভিযোগে বাদীপক্ষ দাবি করেছেন, পারিবারিক কলহ ও বিভিন্ন নির্যাতনের জেরে ইকরা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন। এই মামলায় যাহের আলভীর পরিবারের আরও কয়েকজনের নাম রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

গত শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে নিজ বাসায় ইকরার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ইকরার আত্মহত্যার খবর প্রকাশ্যে আসতেই গুঞ্জন ছড়ায় আলভী তাঁর সহশিল্পী ইফাত আরা তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন। ইকরার মা রেবেকা সুলতানা ও তাঁর পরিবারের অন্য সদস্য এবং ইকরার বন্ধুদের অভিযোগ, এই সম্পর্কের জেরে ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

ইকরার বাবা কবির হায়াত খান বলেন, ‘আমি সুষ্ঠু বিচার চাই। আলভী আর একটি মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে, এ জন্য দুঃখে আমার মেয়ে আত্মহত্যা করেছে।’

ঘটনার সময় একটি নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন যাহের আলভী। সেখান থেকেই ফেসবুকে স্ত্রীর আত্মহত্যার বিষয়টি জানান এই অভিনেতা। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি দেশে এসে পৌঁছাননি। তাঁর সঙ্গে যোগাযোগও করা যায়নি। গতকাল রাতে তাঁর দেশে ফেরার কথা জানিয়েছিলেন আলভীর ভাই।

ইকরার আত্মহননের ঘটনায় নেটিজেনরা যেমন প্রতিবাদ জানাচ্ছেন, তেমনি শোবিজ তারকারাও মেনে নিতে পারেননি এমন ঘটনা। নাম উল্লেখ না করলেও অনেক অভিনয়শিল্পী আলভীর দিকে অভিযোগের তির ছুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। অভিনেত্রী তমা মির্জা লেখেন, ‘ইকরা...একটা মেয়ে সব মেনে নিতে পারে, সহ‍্য করতে পারে কিন্তু তার ভালোবাসার মানুষের এই বদলে যাওয়া চেহারা মানতে পারে না, তখন জীবনটা অর্থহীন হয়ে যায়, নিজের কাছে, জীবনের কাছে সে হেরে যায়। সবকিছু থেকে নিজেকে মুক্ত করে ওই মানুষটাকে মুক্তি দিয়ে সবার থেকে দূরে চলে যায়।’

মৌসুমী হামিদ লেখেন, ‘পুরুষ হোক নারী হোক, পার্টনার চিট করলে জিরো টলারেন্সে চলে যাওয়া উচিত। সংসার বাঁচানোর নাম করে যারা বিবাহিত জীবনে দিনের পর দিন এই চিটারদের টলারেট করতে থাকে, একটা সময় আসলেই আত্মসম্মানের এমন অভাব হয় যে, কিছু মানুষকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। কেন নিজের জীবন একটা চিটারের জন‍্য দেবেন? বরং চিটারগুলারে জেলে দিন।’

অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘কিছু মানুষ এতটা ভালোবেসে ফেলে যে ছেড়ে যাওয়ার থেকে মৃত্যুই শ্রেয় মনে করে। এই মানুষদের জন্য এই জগৎ নয়।’

নিশোর ‘দম’ সিনেমার প্রচার শুরু

অভিনেত্রী নূতনের আক্ষেপ

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্প নিয়ে নাটক ‘থাকে তবু ভালোবাসা’

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

সরে দাঁড়াল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স

প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ তারেক মাসুদকে উৎসর্গ করলেন রাফী

প্রেক্ষাগৃহে ‘শনিবার বিকেল’ মুক্তি না পাওয়ার কারণ জানালেন নির্মাতা সরয়ার ফারুকী

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

আবার ‘পথের প্যাঁচালী’ নিয়ে আসছেন দেবাশীষ বিশ্বাস

সমালোচনার ব্যাখ্যা দিল মানস ও সার্টিফিকেশন বোর্ড