যাঁরা ঘুমের সমস্যায় ভুগছেন বা যাঁরা সহজেই ঘুমাতে চান, তাঁদের জন্য প্রকাশিত হলো ঘুমের গান ‘ঘুম থেরাপি এনথেম’। গানটি প্রকাশিত হয়েছে খালিদ সংগীত নামের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।
১ ঘণ্টা ৪৯ মিনিট ১৩ সেকেন্ড ব্যাপ্তির গানটি লিখেছেন এবং সুর করেছেন মাহবুবুল খালিদ। এতে কণ্ঠ দিয়েছেন ডি-রকস্টারখ্যাত শিল্পী হাসনাত তাসনিম সংগীতা। মাহবুবুল খালিদ জানিয়েছেন, গানের কথা, সুর, গায়কি ও মিউজিক এমনভাবে সাজানো হয়েছে, যা মানুষের শরীর ও মনকে শান্ত করে, দুশ্চিন্তা ও দুর্ভাবনা দূর করে এবং গভীর ঘুম আনতে সাহায্য করে।
এ বিষয়ে মাহবুবুল খালিদ বলেন, ঘুম আনার জন্য রিলাক্সিং মিউজিক হিসেবে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে। তবে সেগুলোতে শুধু বাদ্যযন্ত্র কিংবা কোনো না কোনো মিউজিক ইফেক্ট ব্যবহার করা হয়েছে। সেগুলোকে প্রকৃত অর্থে পরিপূর্ণ ঘুমের গান বলা যায় না। ‘ঘুম থেরাপি এনথেম’ একটি পরিপূর্ণ ঘুমের গান। নানা বিষয় নিয়ে চমৎকার কথার সঙ্গে সুমধুর সুরের এই গান এখন বিশ্বের সবচেয়ে বড় ঘুমের গান। ভালো ঘুমের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে কিছু নিয়মকানুন মানতে হয়। খালিদ সংগীতের ঘুম থেরাপি এনথেম গানটির সঙ্গে এমন কিছু পরামর্শ দেওয়া হয়েছে, যা ভালো ঘুমের জন্য সহায়ক। নিয়মগুলো অনুসরণ করে গানটি শুনলে ঘুম চলে আসতে বাধ্য। এটা শুধু একটি গানই নয়, বরং কীভাবে গভীর ঘুম আনা যায় তার একটি প্রচেষ্টা, থেরাপি ও একটি মেডিটেশন।
উল্লেখ্য, মাহবুবুল খালিদ সমসাময়িক নানা বিষয় নিয়ে গান লেখেন। এরই মধ্যে তাঁর লেখা পাঁচ শতাধিক গান মুক্তি পেয়েছে। তাঁর লেখা বেশির ভাগ গান তিনি নিজেই সুর করেছেন। গত বছর মাগুরায় যৌন নির্যাতনের শিকার ছোট্ট শিশু আছিয়াকে নিয়ে মাহবুবুল খালিদের লেখা ও সুরে ‘মাগুরার ফুল’ শিরোনামের একটি গান বেশ সাড়া জাগিয়েছিল। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। এ ছাড়া উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা নিয়ে তাঁর লেখা ও সুরে ‘মাইলস্টোনস ট্র্যাজেডি’ বেশ সাড়া ফেলেছে। খালিদ মাহমুদ এখন ব্যাস্ত সময় পার করছেন তাঁর নতুন গানের কাজ নিয়ে।