হোম > শিক্ষা

হিজাব পরতে বাধার অভিযোগ সত্য নয়, দাবি বরখাস্ত ভিকারুননিসার শিক্ষিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ছবি: সংগৃহীত

ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্কের জেরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় কর্মরত ফজিলাতুন নাহার নামের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত এক নোটিশ থেকে এ তথ্য জানা যায়।

যদিও অভিযুক্ত শিক্ষক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির একটি শ্রেণিকক্ষ থেকে ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং অ্যাডহক কমিটির (অস্থায়ী কমিটি) সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

ওই শিক্ষককে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত কেন করা হবে না, তার কারণ সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতেও বলা হয়েছে নোটিশে।

জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক ফজিলাতুন নাহার বলেন, ‘আমি এই কাজ করিনি। আর এই ক্লাসে ২২ জন মেয়ে হিজাব পরে না। ৯ জন বা ১১ জন পরে। আমি মেয়েদের বলেছি তোমরা হিজাব পরে স্কুলে আসবা।’ হিজাব কীভাবে পরতে হবে তার নিয়মও ছাত্রীদের উদ্দেশে বলেছিলেন বলে দাবি করেন তিনি।

দেড় দশকের বেশি সময় প্রতিষ্ঠানটির বসুন্ধরা শাখায় কর্মরত ওই শিক্ষক সেদিনের ঘটনার প্রসঙ্গে বলেন, ‘আমি যখন ক্লাসে গেলাম, যেয়ে দেখি ভলান্টিয়াররা বাচ্চাদের চেক করছে, পোশাক ঠিক আছে কি না, নখ বড় কি না, চুল বাঁধা ঠিক আছে কি না।’

তিনি আরও বলেন, ‘তখন আমি ওদের (ভলান্টিয়ার) বললাম, তোমরা সারা দিন কী করলা? বলে আপা আমরা সময় পাইনি। তখন বললাম, তাই বলে লাস্ট পিরিয়ডে চেক করবা? তা ঠিক আছে যাও, তোমাদের যা যা কাজ তোমরা বাইরে নিয়ে যাও এদের, বাইরে নিয়ে তোমাদের দায়িত্ব পালন কর, এটা বলছি, মেয়েদের বেরও করে দেইনি।’

এদিকে এই ঘটনা সুষ্ঠু তদন্তের দাবিতে আগামীকাল বুধবার সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার সামনে মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান সাবেক পররাষ্ট্র উপদেষ্টার

পঞ্চম শ্রেণির ‘পড়ার চিন্তায়’ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা

পঞ্চম শ্রেণির ‘পড়ার চাপে’ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা

স্কুল ও কলেজের জন্য র‍্যাঙ্কিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

অটোয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

সব টিটিসিতে চালু হচ্ছে জাপানি ভাষা শিক্ষার কোর্স

১৮ কোটির দেশ, অথচ আন্তর্জাতিক মানদণ্ডে একটি বিশ্ববিদ্যালয়ও নেই: শিক্ষামন্ত্রী

সম্পূরক বৃত্তির দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি জবি ছাত্র অধিকারের

জবিতে তৃতীয় মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ৫ মার্চ থেকে

এসএসসি ’৯৩ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত