হোম > শিক্ষা

বেসরকারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের কর্তৃত্ব হারাল পরিচালনা পর্ষদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির কর্তৃত্ব থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নেতৃত্বে এসব পদে নিয়োগ সুপারিশ কমিটি গঠিত হবে, আর এ কমিটিতে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির কোনো সদস্য অন্তর্ভুক্ত থাকবেন না।

গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে জারি করা ‘বেসরকারি স্কুল-কলেজের প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য পদে অনুসরণীয় নির্দেশমালা’ পরিপত্র থেকে এসব তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।

আগে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া অন্যান্য কর্মচারী নিয়োগে গঠিত কমিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গভর্নিং বডির বা ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে গঠিত হতো।

জানতে চাইলে বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, বেসরকারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আগের মতো গভর্নিং বডির বা ম্যানেজিং কমিটির কর্তৃত্ব থাকছে না। নতুন নিয়মে শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের নেতৃত্বে নিয়োগ সুপারিশ কমিটি গঠিত হবে। বেসরকারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে এ বিধান করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত কর্মচারী পদে নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক। এ কমিটিতে সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট জেলার সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ বা তাঁর প্রতিনিধি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি (পরিদর্শকের নিচে নয়) এবং সংশ্লিষ্ট জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বা সহকারী পরিচালক। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা।

আরও বলা হয়, নিয়োগ সুপারিশ কমিটি পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত ও নিয়োগের সুপারিশ দেবে। নিয়োগ সুপারিশ কমিটি মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনে একাধিক বোর্ড গঠন করতে পারবে। জেলা প্রশাসকের প্রতিনিধির নেতৃত্বে নবম গ্রেডের নিম্নে নয় এমন ৩ সদস্যবিশিষ্ট বোর্ড গঠিত হবে।

দীর্ঘদিন ধরে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত কর্মচারী পদে নিয়োগ হতো গভর্নিং বডির বা ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে। অভিযোগ ছিল, এসব পদে নিয়োগে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির।

সর্বশেষ ২০২৪ সালের ১০ জানুয়ারি জারি করা সর্বশেষ বেসরকারি স্কুল-কলেজের প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য পদে অনুসরণীয় নির্দেশমালায় গভর্নিং বডির বা ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে নিয়োগ কমিটি গঠনের কথা বলা ছিল। ওই কমিটির সদস্য ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের বা স্নাতক কলেজের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও ডিসির প্রতিনিধি। আর কমিটির সদস্যসচিব ছিলেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার বিষয়টি পর্যালোচনায় কমিটি করা হবে: শিক্ষামন্ত্রী

বৃত্তি পেল সাড়ে ৬৮ হাজার শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও: শিক্ষামন্ত্রী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

জ্ঞান নাকি কল্পনা— কোনটি বেশি শক্তিশালী?

ইতালির ব্রেসিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ঢাবির সেই ভিপি প্রার্থী

প্রথম হয়েও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিল না মুনায়েম, পাশে দাঁড়াল ছাত্রদল

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক, ১০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শেখানোর লক্ষ্য

জাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি