হোম > অপরাধ > রাজশাহী

বেপরোয়া গাড়ি চালানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, রিকশাচালককে গুলি করে হত্যা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বেপরোয়া গতিতে লেগুনা চালানো নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে গুলিতে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার রাত ৮টার দিকে শহরের কাচারীপাড়া পশ্চিম টেংরি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রিকশাচালকের নাম মামুন হোসেন (২৫)। আহত হয়েছেন অপর রিকশাচালক রকি হোসেন (২৬) ও সুমন (২৮) নামের দুই ব্যক্তি। তাঁদের গুরুতর  আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী ইপিজেড থেকে এক লেগুনার বেপরোয়া গতিতে চলাচল নিষেধ করেন কড়ইতলার স্থানীয় দোকানিরা। এ নিয়ে লেগুনাচালকের সঙ্গে সেখানে উপস্থিত দোকানি ও রিকশাচালকদের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে লেগুনাচালকের পক্ষে ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেনের ছোট ভাই আনোয়ার হোসেন তিনটি মোটরসাইকেলে দলবল নিয়ে এসে ওই দোকানি ও রিকশাচালকদের ওপর চড়াও হন।

একপর্যায়ে আনোয়ার হোসেন পিস্তল বের করে রিকশাচালক মামুন ও রকি হোসেনকে গুলি করেন। পরে তাঁর সঙ্গীরা সুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। 

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুন হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক নিহত মামুনের এক আত্মীয় আজকের পত্রিকাকে বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানো নিয়ে ঝামেলা হয় লেগুনাচালকের সঙ্গে। পরে লেগুনাচালকের পক্ষে কাউন্সিলর কামাল হোসেনের ছোট ভাই আনোয়ার হোসেন দলবল নিয়ে এসে মারামারি শুরু করেন। এ সময় গোলাগুলিতে মামুন মারা যান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর নির্দেশনায় এইচএসসিতে অংশ নিলেন লালপুরের প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী

মোহনপুরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

নদী রক্ষায় রাজশাহীতে মিনি ম্যারাথন

সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি বিএনপি নেতার

মেরে মাদ্রাসাশিক্ষার্থীর দাঁত ভেঙে দিলেন শিক্ষক

রাজশাহীর গোদাগাড়ী: মাদক নির্মূল সভায় কারবারি

নেশা ছাড়তে কারাদণ্ডের দাবি নিয়ে তিন দফায় ইউএনওর কার্যালয়ে, অতঃপর...

যুবদল নেতার কার্যালয়ে ৪ যুবককে মারধর করে কাটা হলো চুল, ভিডিও ভাইরাল