হোম > সারা দেশ > রাজশাহী

৯ শতাংশ ঘুষ দাবি: রামেবি ভিসির সংবাদ সম্মেলনে দেওয়া হলো ‘টাকার খাম’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রামেবি ভিসির সংবাদ সম্মেলনে দেওয়া হলো ‘খাম’ (ইনসেটে)। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. জাওয়াদুল হকের বিরুদ্ধে প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে ৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ উঠেছে। ঘুষ দাবির অভিযোগ খণ্ডন করতে আজ বুধবার সকালে নিজের দপ্তরে সংবাদ সম্মেলন করেন তিনি। তবে সংবাদ সম্মেলন শেষে পছন্দের গণমাধ্যমকর্মীদের একটি করে খাম দেওয়া হয়েছে, তাতে ছিল ৫০০ টাকা।

সংবাদ সম্মেলন ভিসি জাওয়াদুল হক জানান, যে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা এখনো পর্যন্ত রামেবির কোনো কাজই করেনি। তাই তাদের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ হাস্যকর।

তিনি দাবি করেন, নিয়ম মেনেই সবকিছু করছেন। এ জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তিনি কোনো অনিয়ম করেননি বলেও দাবি করেন। এ সময়

গণমাধ্যমকর্মীরা নানা অনিয়মের ব্যাপারে প্রশ্ন করতে শুরু করলে তিনি দ্রুত সংবাদ সম্মেলন শেষ করেন।

অপর দিকে সংবাদ সম্মেলন শেষে রামেবির সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) এবং ভিসির ব্যক্তিগত সহকারী নাজমুল হোসেন তাঁর কক্ষে গণমাধ্যমকর্মীদের ডেকে ডেকে খাম দেন। এ ছাড়া কারও কারও কাছে খাম পৌঁছে দেওয়া হয়েছে। যারা উপস্থিত ছিলেন তাদের অন্তত ৮০ জনকে খাম দেওয়া হয়েছে বলে স্বীকার করেন এই সহকারী পরিচালক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গণমাধ্যমকর্মী জানান, সংবাদ সম্মেলনে ভিসি কথা শেষ করার আগে আগে ব্যক্তিগত সহকারী নাজমুল হোসেন তাঁর কক্ষে গিয়ে বসেন। সেখান থেকে তিনি খাম বিতরণ করেন। সাদা রঙের ওই খামে ৫০০ টাকা ছিল বলে জানান তিনি।

এ সময় একজন গণমাধ্যমকর্মী পরিচয় দিয়ে ভিসির সহকারী নাজমুল হোসেনকে বলেন, তিনি সংবাদ সম্মেলনে গিয়েছেন; কিন্তু খাম পাননি। তখন নাজমুল হোসেন বলেন, ‘আসেন, কালকে একপাক আসেন। সবাই না। শোনেন, আপনারা যারা মূলধারার সাংবাদিক, এর বাইরে এত পরিমাণ এসেছে.... . ।’

এ বিষয়ে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ভিসির বিরুদ্ধে এখন ঠিকাদারের কাছে ৯ পার্সেন্ট কমিশন নেওয়ার অভিযোগ। সেই মুহূর্তে সংবাদ সম্মেলন ডেকে গণমাধ্যমকর্মীদের টাকার খাম দেওয়া মানে তাদের খুশি রাখার চেষ্টা। আমরা নৈতিকভাবে এটা সমর্থন করি না। কারণ, এই টাকার উৎস কী সেটা আমরা জানি না।’

জানতে চাইলে খাম দেওয়ার বিষয়ে ভিসি অধ্যাপক ডা. জাওয়াদুল হক বলেন, ‘৫০০ টাকায় কি গণমাধ্যমকর্মীদের খুশি করা যায়? এটা কিছু না। জাস্ট ইফতারি করার জন্য দেওয়া হয়েছে। এটা আমি জরুরিভাবে আমার ব্যক্তিগত সহকারীকে দিতে বলেছিলাম। সে কোন খাত থেকে টাকাটা দিয়েছে তা জানি না। কালকে গিয়ে বলতে পারব।’

আর ব্যক্তিগত সহকারী নাজমুল হোসেন বলেন, ‘এ ধরনের খরচের জন্য ভিসির একটা খাত থাকে। প্রতিবছর একটা বরাদ্দ পাওয়া যায়। সেই খাত থেকেই টাকাটা গণমাধ্যমকর্মীদের দেওয়া হয়েছে।’

খোঁজ নিয়ে জানা যায়, ভিসি জাওয়াদুল হক রামেবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের পরিচালক (পিডি)। সম্প্রতি তিনি বিভিন্ন অবকাঠামো নির্মাণে ছয়টি প্যাকেজে ৭৭৭ কোটি টাকার দরপত্র আহ্বান করেছেন। এসব কাজ দিতে ঠিকাদারের কাছ থেকে ৯ শতাংশ কমিশন দাবির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ঢাকার জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আতাউর রহমান টিপুর দাবি, দরপত্রের মাধ্যমেই ভিসি তাকে কাজ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বিনিময়ে চেয়েছিলেন ৯ শতাংশ কমিশন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রাজশাহীতে তোলপাড় শুরু হয়। অনেকেই ভিসির অপসারণ দাবি করছেন।

এদিকে বুধবার নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ‘সচেতন রাজশাহীবাসী’র ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান ঘোষণা দেন, আগামী তিন দিনের মধ্যে ভিসি জাওয়াদুল হককে অপসারণ করতে হবে। তা না হলে ভিসির দপ্তর ঘেরাও করা হবে।

তিনি বলেন, ‘ভিসির আপাদমস্তক দুর্নীতিতে ভরা। তিনি দায়িত্ব নিয়েই ক্যাম্পাসের কয়েক হাজার গাছের আম লুট করেছেন। টেন্ডার ছাড়াই কয়েক হাজার গাছ কাটলেন। পরে শত কোটি টাকার গাছ নামমাত্র মূল্যে একটা সিন্ডিকেটের হাতে তুলে দিলেন।

এখন আবার ৭৭৭ কোটি টাকার কাজ দিতে ঠিকাদারের কাছ থেকে ৯ পার্সেন্ট কমিশন চেয়েছেন। এই দুর্নীতিগ্রস্ত ভিসিকে তিন দিনের মধ্যে অপসারণ করা না হলে তাঁর দপ্তর আমরা ঘেরাও করব।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন-ক্যাবের রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান বরজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সামাজিক সংগঠক সালাহউদ্দিন মিন্টু, ব্যবসায়ী নেতা শফিকুর রহমান প্রমুখ।

রাজশাহীতে পুলিশ পাহারায় জ্বালানি তেল বিক্রি

রাজশাহীতে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের লম্বা সারি, চাহিদামতো মিলছে না তেল

রাজশাহী শিক্ষা বোর্ড: বোর্ড সভার অনুমোদনেও নিয়মিত হয়নি চাকরি

ঘুষ নিয়ে ২০ মৎস্যজীবী সমিতিকে হঠাৎ নিবন্ধন

মাদ্রাসা থেকে পালানো ২ কিশোরকে উদ্ধার করল র‍্যাব

নিরপেক্ষ দাবি করা রাকসুর সেই প্রার্থী হলেন শিবিরের নেতা

পুঠিয়ায় গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ধানখেতে শিশুর মরদেহ, গলায় প্যাঁচানো বেল্ট

রাজশাহীতে ৮ ডাকাতকে গণপিটুনি, একজনের মৃত্যু