হারের বৃত্তে আটকে আছে পিন্ডিজ। এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের প্রথম তিন ম্যাচেই পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাদের। হ্যাটট্রিক হারের পর সব বিভাগেই নিজেদের সমস্যার কথা তুলে ধরলেন দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
নিজেদের সবশেষ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৭ উইকেটে হেরেছে পিন্ডিজ। এদিন আগে ব্যাট করে ১৫৬ রানের পুঁজি পেয়েছিল তারা। এর আগে প্রথম ম্যাচে ২১৪ রান করেও পেশোয়ার জালমির কাছে ৫ উইকেটে হেরে যায়। দ্বিতীয় ম্যাচেও রান পাহাড়ে চড়েছিল পিন্ডিজ। সেদিন ১৯৭ রান করেও শেষ রক্ষা হয়নি; করাচি কিংসের কাছে ৫ উইকেটে হেরে যায় তারা।
টানা হারে টুর্নামেন্টের শুরুতেই প্লে অফের পথ কঠিন করে ফেলেছে পিন্ডিজ। নিজেদের এমন দুর্দশার কথা লুকালেন না রিজওয়ান। তিনি বলেন, ‘তিন ম্যাচেই আমরা হেরে গেলাম। এটা হজম করা কঠিন। কোনো দলই হারতে পছন্দ করে না। শেখার বিষয় হলো, এবার (ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ) পরিস্থিতি কিছুটা ভিন্ন ছিল। আগের দুই ম্যাচে আমাদের ব্যাটিং ক্লিক করেছিল, কিন্তু এদিন পাওয়ারপ্ল্যান পরিকল্পনা অনুযায়ী হয়নি।’
টানা হারের পর একটি জয়ের অপেক্ষায় আছেন রিজওয়ান, ‘প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে হবে। তবে শুধু পাওয়ারপ্লে নয়, আসল ক্ষতি হয়েছে শুরুতেই; যখন তারা সুইং পেয়েছে এবং দ্রুত উইকেট তুলে নিয়েছে। তখনই আমরা সম্ভবত ২০-৩০ রান পিছিয়ে পড়ি। তিনটি ম্যাচ হয়ে গেছে, কিন্তু একটি নির্দিষ্ট সমস্যা চিহ্নিত করা সহজ নয়, একটি দিক ঠিক করলে অন্য জায়গায় সমস্যা দেখা দেয়। আমাদের যা দরকার, তা হলো একটি জয় এবং সেটিই গতি বদলে দিতে পারে। তখন সবকিছু ঠিক পথে আসতে শুরু করবে।’
বাজে পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজছেন রিজওয়ান। তিনি বলেন, ‘আমরা আমাদের ভুলগুলো নিয়ে কাজ চালিয়ে যাব। আগের ম্যাচগুলোতে আমাদের গভীরতা সাহায্য করেছিল, কিন্তু আজ আমাদের ভিন্নভাবে মানিয়ে নিতে হয়েছে। এই সময়ে সাহস দেখিয়ে ঘুরে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন দলগুলো এভাবেই ফিরে আসে।’
নিজেদের ব্যর্থতার জন্য কোনো অজুহাত দাঁড় করাতে চান না রিজওয়ান, ‘দলে অভিজ্ঞ খেলোয়াড় আছে এবং প্রতিপক্ষ অনুযায়ী আমরা পরিবর্তন এনেছি। কিন্তু নাসিম শাহ ও জামান খানের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট আমাদের ভারসাম্যে প্রভাব ফেলেছে। তবুও আমরা এটিকে অজুহাত হিসেবে দেখছি না—পরিবর্তনগুলো ছিল কৌশলগত, প্রতিপক্ষভিত্তিক। সামনে এগোনোর পথে আমরা মানিয়ে নিতে থাকব।’