হোম > অর্থনীতি

উত্তরা ইপিজেডের কার্যক্রম শুরু, এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি চালু শনিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নীলফামারীর উত্তরা ইপিজেডে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেড বাদে উত্তরা ইপিজেডে অবস্থিত অন্যান্য কারখানা চালু হয়েছে। আগামীকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের কারখানা চালু হবে। একই সঙ্গে কারখানার শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবি পূরণ করবে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন উত্তরা ইপিজেড নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার।

এতে বলা হয়, ইপিজেডের উৎপাদনমুখী কর্মপরিবেশ ফিরিয়ে আনা, বৈদেশিক বিনিয়োগ অব্যাহত রাখা ও দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার লক্ষ্যে উত্তরা ইপিজেডের এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেড বাদে অন্যান্য সব কারখানা যথারীতি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শ্রমিক অসন্তোষ ও সংঘটিত ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বেপজা চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।

গতকাল বুধবার উত্তরা ইপিজেডের জোন অফিসের কনফারেন্স রুমে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকদের উত্থাপিত বিভিন্ন দাবিদাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরির শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা, মালিক প্রতিনিধি, জেলা প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানির পক্ষ থেকে নিহত শ্রমিক আহসান হাবীবের আইনানুগ অভিভাবককে প্রাথমিকভাবে ক্ষতিপূরণ বাবদ ২ লাখ টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি আহত সব শ্রমিকের চিকিৎসার ব্যয়ভার এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) বহন করবে মর্মে মালিকপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে।

এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের শ্রমিকেরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে গত মঙ্গলবার উত্তরা ইপিজেডের মূল গেটের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। ফলে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ও ইপিজেডের আমদানি, রপ্তানিসহ সার্বিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং জোনে শ্রম অসন্তোষ তৈরি হয়।

একপর্যায়ে উদ্ভূত শ্রম অসন্তোষের জেরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকেরা সংঘর্ষে জড়িয়ে পড়লে একজন শ্রমিক নিহত এবং আরও কয়েকজন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের নিরাপত্তার বৃহত্তর স্বার্থে গতকাল বুধবার উত্তরা ইপিজেডের সব কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ থাকে।

শ্রম আইন অধ্যাদেশ সংস্কারের দাবি তৈরি পোশাক কারখানা মালিকদের

জ্বালানি সংকটের প্রভাব খাদ্যসহ সব ধরনের পণ্যের ওপর পড়বে: অর্থমন্ত্রী

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

টানা দুই মাস বেড়েছে নগদ টাকার প্রবাহ

জ্বালানি সংকটে অচল লাইটার জাহাজ

বাণিজ্যিক প্রয়োজনে নেপাল–বাংলাদেশ–ভারত সম্পর্ক গড়তে হবে: বিলিয়নিয়ার বিনোদ চৌধুরী

জ্বালানি ও জলবায়ু প্রকল্পে বাজেট সহায়তা দেবে এআইআইবি: অর্থমন্ত্রী

ছুটির দিনেও পেট্রলপাম্পে ভিড়

রোববার থেকে নতুন সময়সূচিতে ব্যাংক, অফিস

নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর নির্বাহী পরিচালক পদে পদোন্নতি