হোম > অর্থনীতি

আদালতের আদেশের পর চট্টগ্রাম বন্দরে বর্ধিত মাশুল আদায় শুরু

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম 

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ কাঠামো নিয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ উঠিয়ে নিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ। গত মঙ্গলবার আবেদন শুনানির পর চেম্বার জজ আদালত উপর্যুক্ত আদেশ দেন এবং একই সঙ্গে হাইকোর্টকে সংশ্লিষ্ট রুলটি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করারও নির্দেশ দেন। এতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন ট্যারিফ আদায় শুরু করতে আইনগত আর কোনো বাধা থাকল না।

গত রোববার (৩০ নভেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই ব্যাপারে সার্কুলার জারি করে নতুন ট্যারিফ আদায়ের উদ্যোগ নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।

সূত্র জানিয়েছে, বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি (বিএমএলএস) গত ১৪ সেপ্টেম্বরের ট্যারিফ গেজেট ও ৩০ সেপ্টেম্বরের সার্কুলার চ্যালেঞ্জ করে রিটটি দাখিল করেছিল। রিট আবেদনের পর হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ৯ নভেম্বর নতুন ট্যারিফ এক মাসের জন্য স্থগিত করেন এবং কেন এটি বাতিল ঘোষণা করা হবে না, সে বিষয়ে একটি রুল জারি করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ১৫ অক্টোবর থেকে গড়ে ৪১ শতাংশ ট্যারিফ বৃদ্ধি কার্যকর করে, যেখানে কিছু ক্ষেত্রে বৃদ্ধির হার ৪০০ শতাংশ পর্যন্ত পৌঁছে বলে ওই রিটে আদালতকে জানানো হয়। গত মঙ্গলবার চেম্বার জজ বিচারপতি ফারাহ মাহবুব হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ ‘ডিসপোজড অ্যান্ড স্টে ভেকেটড’ ঘোষণা করেন।

বিএমএলএস সভাপতি মহিউদ্দিন আব্দুল কাদির সাংবাদিকদের বলেন, আগে স্থগিতাদেশ থাকলেও চেম্বার বিচারক এখন তা তুলে দিয়েছেন এবং রুলটি দ্রুত শুনানির নির্দেশ দিয়েছেন।

এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তর থেকে গত রোববার (৩০ নভেম্বর) জারি করা এক অফিস আদেশে জানানো হয়েছে, হাইকোর্টের স্থগিতাদেশ-সংক্রান্ত নোটিফিকেশনটি আর কার্যকর নয়। কারণ, সুপ্রিম কোর্টের আদেশে স্থগিতাদেশ উঠিয়ে দেওয়া হয়েছে। ফলে ২০২৫ সালের ট্যারিফ অন গুডস অ্যান্ড ভেসেলস এটসেটরা ফর চিটাগাং পোর্ট-২০২৫ বহাল রয়েছে। এতে করে চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ আদায়ের কার্যক্রম শুরু হয়েছে।

ঈদবাজারে আশার চেয়ে কম বিক্রি

ট্রেজারি বন্ড জামানত রেখে ঋণ দিতে পারবে ব্যাংক

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ

দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

রপ্তানিকারকেরা নগদ সহায়তার অর্থছাড় পাবেন প্রতি মাসেই: গভর্নর

বাড়তি ডিজেল চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

জ্বালানি সংকট রুখতে জরুরি মজুত থেকে দৈনিক ৪০ কোটি ব্যারেল তেল ছাড়বে ৩২ দেশ

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে ৮৫ দেশে

ওয়েবিনারে বক্তারা: তামাকে রাজস্ব আসে ৮০ হাজার কোটি, চিকিৎসায় ব্যয় ৮৭ হাজার কোটি

ঢাকা ট্রাভেল মার্টের টাইটেল স্পন্সর এয়ার অ্যাস্ট্রা