হোম > সারা দেশ > বরিশাল

নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কার, বাধার মুখে কাজ বন্ধ করল এলজিইডি

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

বরিশালের মুলাদীতে নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কার করায় আজ মঙ্গলবার কাজ বন্ধ করে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

বরিশালের মুলাদীতে নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কারকাজ করার অভিযোগে স্থানীয় লোকজনের বাধার মুখে পড়েছেন ঠিকাদার। পরে সে কাজ বন্ধ করে দেয় উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মো. জিল্লুর রহমান উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপোল গ্রামে নাভানা কনস্ট্রাকশন লিমিটেডের একটি কাজ বন্ধ করে দেন। কার্যাদেশ অনুযায়ী ভালো মানের ইট-বালু দিয়ে দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপোল গ্রামের আজাহার উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় থেকে রামারপোল বাজার জিসিআর পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ পায় নাভানা কনস্ট্রাকশন লিমিটেড। ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৪ সালের প্রথম দিকে সড়ক খুঁড়ে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তিতে রেখে কাজ ফেলে চলে যায়। ২০১৮ সালে সড়কে বালু ও কিছু খোয়া ফেললেও কাজ শেষ করেনি তারা।

রামারপোল গ্রামের মহিউদ্দিন হাওলাদার জানান, সড়কটির কাজ ফেলে রাখায় দুর্ভোগে পড়ে আজাহার উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও রামারপোল, সাহেবেরচর গ্রামের বাসিন্দারা। সড়কের কাজ শেষ করতে কয়েকবার বরিশাল নির্বাহী প্রকৌশলী ও উপজেলা এলজিইডিতে আবেদনও করা হয়। পরে আগস্টের শুরুতে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু তারা নিম্নমানের ইট ও বালু ফেলে সড়ক ঢালাই দেয়। এতে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হন এবং ঠিকাদারকে কাজ বন্ধ রাখতে বলেন। বিষয়টি জানতে পেরে এলজিইডির কর্মকর্তা এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

নাভানা কনস্ট্রাকশন লিমিটেডের প্রতিনিধি মো. মাসুদ মিয়া বলেন, বেশ কিছুদিন আগে ইট কেনা ছিল। ইটভাটার মালিকেরা ভুল করে নিম্নমানের ইট সরবরাহ করেছেন। পরে উপজেলা এলজিইডির নির্দেশে কাজ বন্ধ রাখা হয়েছে এবং ভালো মানের ইট-বালু সংগ্রহ করে দ্রুত কাজ শেষ করা হবে।

এলজিইডির সহকারী প্রকৌশলী মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় বেশ কয়েকটি কাজ চলমান থাকায় তারা প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি। ভালো মানের ইট ও বালু দিয়ে দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

বরিশালে নদীতে মিলল নিখোঁজ অটোচালকের বস্তাবন্দী মরদেহ

পাচারকালে ৩ লাখ রেণু পোনা জব্দ, কীর্তনখোলা নদীতে অবমুক্ত

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন