হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাদক বিক্রির টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবককে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে মো. সুমন মিয়া (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল সোমবার কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো সদর উপজেলার অষ্টধার কুঠুরাকান্দা গ্রামের মো. আহাদ আলীর ছেলে মো. সজিব আলী (২০), অষ্টধার ভিটাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২৫) ও একই গ্রামের মাহিন মিয়ার ছেলে শিহাব মিয়া ওরফে শিপন (১৬)।

নিহত মো. সুমন মিয়া একই গ্রামের আমছর আলীর ছেলে। তারা নিয়মিত মাদক কারবার ও সেবন করত।

পুলিশ জানায়, সম্প্রতি মাদক বিক্রির টাকা ভাগাভাগি-সংক্রান্ত বিরোধের জেরে সুমন মিয়ার সঙ্গে সজিব আলীর হাতাহাতি হয়। এ বিরোধের ধারাবাহিকতায় সুমনকে হত্যার পরিকল্পনা করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি রাতে সুমনকে মোবাইল ফোনে ডেকে অষ্টধার সেনপাড়া এলাকায় আনা হয়। সেখানে তারা গাঁজা সেবন করে। একপর্যায়ে পুনরায় টাকার বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হলে কয়েকজন মিলে ধারালো ছুরি দিয়ে কপাল, থুতনি, গলা, ঘাড়, বুক, তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সুমনকে হত্যা করে।

পরে সুমনের লাশ অষ্টধার সেনপাড়া এলাকার সাহেববাড়ির উত্তর-পূর্ব কোণে রেললাইনের দক্ষিণ পাশে ধানখেতের সেচের নালার ওপর ফেলে রেখে চলে যায় তারা। এ ঘটনায় নিহত সুমনের মামা মাহিন হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলাটি নিবিড় তদন্ত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে সজিব, নাজমুল ও শিপনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার প্রত্যেকেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তার শিশু শিহাব মিয়া ওরফে শিপনকে আদালতের নির্দেশে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। অন্যদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জে অবৈধ দখলদারদের সরে যেতে ২ দিনের আলটিমেটাম দিলেন এমপি

পটুয়াখালীতে ব্যাংক থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

যশোরে ব্যবসায়ীকে অপহরণ, এক কোটি টাকা মুক্তিপণ দাবি

সুন্দরবনের বড় জাহাঙ্গীর বাহিনীর ডাকাত সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে মঞ্চে একত্রে বসলেন না এমপি

নিয়োগ-বাণিজ্যের অভিযোগ: ডুয়েট ভিসির পদত্যাগের দাবিতে স্মারকলিপি

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

সীতাকুণ্ডে সেই শিশুকে দুর্গম পাহাড়ে নিয়ে যাওয়া ব্যক্তি গ্রেপ্তার

ভোররাতে ঘুম, ১২ ঘণ্টা পর দরজা ভেঙে কলেজছাত্রকে ডেকে তুলল ফায়ার সার্ভিস

আদালতে হাজিরা দিতে আসা যুবককে অপহরণ, যুবদল নেতা বহিষ্কার