রাজশাহীর চারঘাট উপজেলার একটি ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে স্থানীয় জামায়াতে ইসলামীর চার কর্মীকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে তাঁরা চারঘাট উপজেলার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকেছিলেন।
তাৎক্ষণিকভাবে এই চারজনের নাম জানা যায়নি। তবে তাঁরা জামায়াতের কর্মী বলে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা ফেসবুকে পোস্ট দিয়েছেন।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আকরামুল ইসলাম জানান, রাত ৮টার দিকে চারজন কেন্দ্রটিতে ঢোকেন। তখন আনসার সদস্যরা তাঁদের আটকে দেন। এরই মধ্যে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁদের অবরুদ্ধ করে ফেলেন। তাঁদের দাবি, যাঁরা কেন্দ্রে ঢুকেছিলেন, তাঁরা জামায়াতের কর্মী।
প্রিসাইডিং কর্মকর্তা জানান, পরে রাত ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তাঁদের থানায় নিয়ে যান।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস বলেন, ভোটের আগের রাতে ভোটকেন্দ্রে প্রবেশের কারও অনুমতি নেই। তাঁরা অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করেছিলেন। তাই তাঁদের আটক করা হয়েছে।
জান্নাতুল ফেরদৌস জানান, আটক ব্যক্তিদের চারঘাট থানায় রাখা হয়েছে। তাঁদের বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন।