হোম > সারা দেশ > কুমিল্লা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা­-চট্টগ্রাম মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় আজ রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালানো হয়েছে। এ সময় মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টা থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), কুমিল্লা সিটি করপোরেশন, সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।

এ সময় সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক দোকানপাট, বাস কাউন্টার ও ভ্রাম্যমাণ ব্যবসাপ্রতিষ্ঠান অপসারণ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়কের ফুটপাত ও সড়কের একাংশ দখল করে বিভিন্ন দোকান, অস্থায়ী স্থাপনা ও বাস কাউন্টার গড়ে তোলা হয়। এসব অবৈধ স্থাপনার কারণে প্রতিনিয়ত যানজট ও জনভোগান্তির সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে, ঈদকে কেন্দ্র করে যাত্রীর চাপ বাড়লে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা ছিল।

সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে থাকা এসব স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ভবিষ্যতে মহাসড়ক দখল না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় বলেন, পদুয়ার বাজার এলাকা দীর্ঘদিন ধরেই যানজটপ্রবণ। ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়বে। তাই আগাম ব্যবস্থা হিসেবে মহাসড়ক দখল করে থাকা অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়েছে। এতে ঈদে ঘরমুখী যাত্রীদের যাতায়াত কিছুটা স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে। মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান, বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক মো. ফারুক আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জে ভিজিএফের ২১ বস্তা চাল উধাও, দিনভর দাঁড়িয়ে ফিরলেন উপকারভোগীরা

চুরি করা সেই নবজাতককে ফেলে পালাল তরুণী, উদ্ধার করলেন স্থানীয় নারী

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠিত

সড়কে ১৪ জন নিহত: মামলা দায়ের, তদন্ত শুরু

বাগেরহাটে গুলিতে নিহত শ্রমিক লীগ নেতার দাফন

চট্টগ্রাম প্রেসক্লাব ও সিইউজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খুন

পুরোনো বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

চাঁদপুরে গ্যাস লিকেজের আগুন, পুড়ল পুলিশের গাড়ি ও অটোরিকশা

নান্দাইলে ভিজিএফের ২ হাজার কেজি চাল জব্দ