গোপালগঞ্জ পৌর এলাকার নিলারমাঠ শহীদ মাহাবুব প্রাথমিক বিদ্যালয়, শহরের বীণপাণি স্কুল ও রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন বলেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলমান রয়েছে।
প্রসঙ্গত, এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া গত ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ান অফিস কম্পাউন্ডে, গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে, ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে এবং গত বছরের ১২ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।