কুমিল্লার বিভিন্ন স্থানে র্যাবের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার আমড়াতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. সাইফুর রহমান সৈকতকে (২৬) গ্রেপ্তার করা হয়। তিনি আমড়াতলী গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।
এদিকে একই রাতে পৃথক আরেকটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার ফুলতলি এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া সদর দক্ষিণ মডেল থানার মাটিয়ারা পূর্ব এলাকায় পরিচালিত আরেকটি বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে গেলে ব্যাগটি তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মাটিয়ারা পূর্ব এলাকার একটি সেতুর ওপর সন্ত্রাসী কার্যক্রম ও বিভিন্ন অপরাধ সংগঠনের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা অবস্থান করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগটি ফেলে কৌশলে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া মাদক ও অস্ত্রের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।