ফেনীর ছাগলনাইয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আবু আহাম্মদ হোনা (৩৭) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হন। গতকাল শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে ছাত্রদলের সাত নেতা-কর্মীকে আটক করেছে। অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ছাগলনাইয়া উপজেলাজুড়ে চলছে কৃষিজমির মাটি কাটার মহোৎসব। সম্প্রতি ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু স্থানীয় প্রশাসনকে নিয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা বন্ধ করতে অভিযান শুরু করেছেন। পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বশর মিয়া পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, যুবদল নেতা নুরুল আলম কালা মিয়া, নুর মোহাম্মদ মিয়া, আলাউদ্দিন সুজন, মো. এয়াকুব ও লিটন ড্রাইভারের নেতৃত্বে একটি পক্ষ অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার সঙ্গে জড়িত।
প্রতিদিনের মতো গতকাল রাতে এই পক্ষের লোকজন কৃষিজমির মাটি কাটছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী কামরুল হাসান জাহিদ ও ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি ফয়েজ মো. মাহাতীরের নেতৃত্বে একটি পক্ষ তাঁদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে যুবদল কর্মী আবু আহাম্মদ হোনা, নুরুল আলম কালা মিয়া ও আলাউদ্দিন সুজন গুরুতর আহত হন। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবু আহাম্মদ হোনাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকাবাসীর সহযোগিতায় হামলার সঙ্গে জড়িত ছাত্রদলের সাতজনকে আটক করে। তাঁরা হলেন কামরুল হাসান জাহিদ, ইসমাইল হোসেন মুন্না, আবদুর রহমান রকি, কামরুজ্জামান ফারুক, মো. ইস্রাফিল, আজমীরুল ইসলাম ও ফয়েজ মো. মাহাতীর।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও দুজন আহত হন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।