হোম > সারা দেশ > গাজীপুর

মাদক কারবারি অপবাদে দিনমজুরের বাড়িতে হামলা-ভাঙচুর, মারধর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

দিনমজুরের টিনের ঘর কুপিয়েছে হামলাকারীরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারি অপবাদ দিয়ে রিয়াজ উদ্দিন (৪০) নামে দিনমজুরের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে খলিরুল রহমান নামে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের বসতবাড়ি থেকে তাড়ানোর উদ্দেশ্যে খলিরুল ও তাঁর লোকজন পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। হামলাকারীরা বসতঘর ভাঙচুর করে পরিবারের সদস্যদের মারধর করেছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রিয়াজ উদ্দিন উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের আব্দুর রশিদের ছেলে। অভিযুক্ত খলিরুল রহমান একই গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে।

দিনমজুর রিয়াজ উদ্দিনের স্ত্রী রুজিনা আক্তার বলেন, বিকেলের দিকে তাঁদের বাড়ির পাশের বাগানে দুই ছেলে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় খলিরুল ও তাঁর লোকজন দৌড়ে এসে মাদক কারবারি অপবাদ দিয়ে তাঁদের ছেলে ফরহাদসহ তিনজনকে মারধর করেন। একপর্যায়ে খলিরুল তাঁর দলবল নিয়ে বাড়িতে ঢুকে বৃদ্ধ শাশুড়ি রেনুজা খাতুনকে চুলের মুঠি ধরে মারধর করে ফেলে দেন। রামদা, শাবল হাতে নিয়ে এসে খুপরি ঘরের টিনের বেড়া কুপিয়ে তছনছ করে। ঘরের ভেতর ঘুমানোর একমাত্র চৌকিখাট ভেঙে গুঁড়িয়ে দেয়। রুজিনা আক্তার বলেন, যাওয়ার সময় খলিরুল হুমকি দেন যে মাদক কারবারিকে এলাকায় রাখা হবে না। দ্রুত এলাকা ছেড়ে চলে না গেলে বসতবাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হবে।

ভুক্তভোগী দিনমজুরের স্ত্রী আরও বলেন, তাঁদের থাকার ঘর ভেঙে দিয়েছে হামলাকারীরা। স্বামী, সন্তান আর বৃদ্ধ শাশুড়িকে নিয়ে খোলা আকাশের নিচে থাকা ছাড়া এখন তাঁদের আর কোনো উপায় নেই। তিনি দাবি করেন, বসতবাড়ি থেকে তাড়ানোর জন্য তাঁর স্বামী ও ছেলেকে মাদক কারবারির অপবাদ দেওয়া হচ্ছে। তাঁরা মাদক কারবারের সঙ্গে জড়িত নন। তাঁদের কারও নামে পুলিশের কোনো মামলা নেই।

হামলায় আহত দিনমজুরের মা রেনুজা খাতুন বলেন, ‘হঠাৎ করে ওরা দলবেঁধে এসে আমার নাতিকে মারধর করে বাড়িতে হামলা করে। আমার একমাত্র থাকার ঘরের কী অবস্থা করছে। কাঁথা-বালিশগুলো এলোমেলো করে এদিক-সেদিক ফেলে দিয়েছে। আমাদের কোনো অপরাধ নেই। আমরা গরিব। আমার ছেলে মানুষের বাড়িতে কাজ করে।’

অভিযুক্ত খলিরুল রহমান বলেন, ‘ওরা মাদক কারবারি। এ জন্য ওদের জিজ্ঞেস করা হয়েছে। আমার ওপর হামলা করলে আমাদের লোকজন এগিয়ে আসে। আমাদের কেউ ঘরবাড়ি ভাঙচুর করেনি।’

ভুক্তভোগী দিনমজুর পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ। তিনি বলেন, ‘দিনমজুর পরিবারটির ওপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ পাঠিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভিকারুননিসার ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এনসিপি-বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতি

‘বাবা, আমার মাকে ফিরিয়ে দাও, মা কোন কবরে?’

নেত্রকোনায় স্কুলের সরঞ্জামাদি না কিনেই সাড়ে ৫ লাখ টাকা আত্মসাৎ

সিলেটে এক রাতে ১৬ ছিনতাইকারী আটক

চট্টগ্রামে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

লিফট ছাড়াই চালু হবে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল: প্রতিমন্ত্রী

গাংনীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৭

৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপি মহারাজের বিরুদ্ধে দুদকের মামলা

বরিশালে কীর্তনখোলা খেয়াঘাটে বাড়তি ভাড়া আদায় বন্ধের দাবি

শ্রীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান অভিনেত্রী জাকিয়া কামাল মুন