হোম > সারা দেশ > রাজশাহী

চার বছর অপেক্ষার পর এসেছিল প্রথম সন্তান, হামের উপসর্গ নিয়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ফাইল ছবি

বিয়ের চার বছর পর প্রথম সন্তানের মুখ দেখেছিলেন মাহবুর রহমান ও আতিকা খাতুন দম্পতি। কিন্তু সেই সন্তানকে তাঁরা বাঁচাতে পারলেন না। ছয় মাস বয়সেই শিশুটির মৃত্যু হয়েছে সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে। মাহবুর রহমান একজন মানসিক রোগী। নিয়মিত চিকিৎসা হলে একটু ভালো থাকেন। ছেলে আব্দুর রহমানের মৃত্যুতে এখন আতিকা খাতুনও পাগলপ্রায়।

এই দম্পতির বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাজারামপুর গ্রামে। তাঁদের শিশুসন্তান আব্দুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর ৬টার দিকে মারা যায়। সকালে শিশুটির মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। বাড়িতে এখন শোকের ছায়া।

মৃত শিশুটির স্বজনেরা জানান, প্রথম রোজার দিন বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে। তখন হাম ছিল না। তাকে ভর্তি করা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর গত ১০ মার্চ সে আবার অসুস্থ হয়ে পড়ে। তখন শরীরে হাম দেখা যায়। ১২ মার্চ তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষ মুহূর্তে বাচ্চাটিকে পিআইসিইউতে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

মাহবুর রহমানের বোন শারমিন খাতুন জানান, তাঁর ভাই মাহবুর রহমান মানসিক রোগী। নিয়মিত চিকিৎসা হলে কিছুটা সুস্থ থাকেন। তখন বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করেন। চিকিৎসা না হলে অসুস্থ থাকেন। বিয়ের চার বছর পরও তাঁদের কোনো সন্তান হচ্ছিল না। অনেক চিকিৎসার পর আতিকা প্রথম সন্তানের মা হন। এতে তাঁদের আনন্দের সীমা ছিল না। কিন্তু এখন তাঁরা বাচ্চাটির মৃত্যু মানতে পারছেন না। আতিকা খাতুনের অবস্থাও এখন পাগলপ্রায়।

শারমিন বলেন, চেষ্টার কোনো কমতি ছিল না। গরিব মানুষ হয়েও এই কয়দিনে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা খরচ করা হয়েছে। মাহবুর মানসিক রোগী বলে অনেকে সাহায্য করেছেন। কিছু ধারদেনাও হয়েছে। বাচ্চাটা বেঁচে থাকলে তাঁদের কোনো দুঃখ থাকত না।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কুমার বিশ্বাস জানান, গতকাল বুধবার দুপুর ১২টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত সময়ের মধ্যে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শুধু এই বাচ্চার মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২০ জন। ছুটি দেওয়া হয়েছে চারজনকে। হামের আইসোলেশন ওয়ার্ডে এখন রোগী ১৩২ জন। এ পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছে ৩৪০ জন।

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

রাজশাহীতে সাংবাদিককে মারধর করলেন বিএনপির নেতা-কর্মীরা

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৬ শিশু

রাজধানীর সড়কে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান, জরিমানা-কারাদণ্ড

ইবি শিক্ষিকা হত্যা: আসামি গ্রেপ্তারের দাবিতে সড়ক-রেল অবরোধ, এসপি অফিস ঘেরাও

সুব্রত বাইনের মেয়ে খাদিজা এবার জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার

খরচ তুলতে না পারায় বন্ধ রাবির ই-কার সেবা

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

কৃষককে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ফরিদপুরে দেড় শ টাকায়ও মিলছে না ডিজেল, ফসল উৎপাদন হ্রাসের শঙ্কা