হোম > সারা দেশ > মেহেরপুর

আগুনে পুড়ল ১৫ বিঘা জমির ফসল

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরে গাংনীতে খেতে আগুন। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে আবারও গমের খড় পোড়াতে গিয়ে ১৫ বিঘা জমির গম, ভুট্টা, তামাক, সেচ দেওয়া মেশিন ও আমবাগান পুড়ে গেছে। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার চোখতোলা মাঠে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, কৃষকদের গম কাটা একেবারে শেষের দিকে। মাঠে কিছু কৃষকের গম রয়েছে। এ ছাড়াও মাঠে বর্তমানে তামাক, ভুট্টা, কারও আমবাগান, আবার কারও সেচ দেওয়া মেশিন রয়েছে। তবে বিভিন্ন মাঠে গমের খড় পোড়াতে ব্যস্ত চাষিরা। দুপুরে মাঠে গমের খড় পোড়াতে যান এক চাষি। এ সময় অসাবধানতাবশত তাঁর জমির খড়ের আগুন বাতাসে ছড়িয়ে যায় বিভিন্ন জমিতে।

চোখতোলা মাঠের চাষি মজনুল হক বলেন, ‘আমার গম, ইঞ্জিনচালিত শ্যালো মেশিন ও তামাক পুড়ে গেছে। আমার আনুমানিক ১ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। একজন চাষির অসাবধানতার কারণে অনেক চাষি ক্ষতিগ্রস্ত হলো।’ তিনি বলেন, উপজেলার ময়েশপুর গ্রামের চাষি আজিজুল হক নামের এক ব্যক্তি তাঁর ১০ কাঠা জমির খড় পোড়াতে গিয়ে সেই আগুন বাতাসে বিভিন্ন জমিতে ছড়িয়ে পড়ে।

চোখতোলা মাঠের আরেক চাষি আব্দুল হালিম বলেন, ‘আজিজুল নামের এক চাষি দুপুরে তাঁর গমের খড় পোড়াতে যান। এ সময় প্রচণ্ড রোদ ও বাতাস ছিল। বাতাসে আগুন বিভিন্ন জমিতে ছড়িয়ে পড়ে। বিভিন্ন চাষির ফসল পুড়ে যায়। সবচেয়ে বেশি তামাকের ক্ষতি হয়েছে। এতে আমার একটি ইঞ্জিনচালিত শ্যালো মেশিন, তামাক পোড়ানো খড়ি ও আমের বাগান পুড়ে গেছে। এতে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।’

ষোলটাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুন বলেন, ‘চোখতোলা মাঠে চাষির গম, তামাক, ভুট্টাসহ বিভিন্ন জিনিস পুড়ে গেছে। এতে চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সামান্য অসাবধানতার কারণে চাষিরা ক্ষতিগ্রস্ত হলো। ঘটনাটি আজ দুপুরে ঘটেছে। সরেজমিনে মাঠে গিয়ে দেখব, কতজন চাষির ক্ষয়ক্ষতি হয়েছে।’

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান বলেন, ‘আমরা তাৎক্ষণিক সরেজমিনে গিয়েছিলাম। তবে চাষির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে পরে জানা যাবে।’ তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যেক চাষির তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের কাছে পাঠাব। গমের খড় না পোড়াতে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস উপজেলার সকল জামে মসজিদে ইমামের মাধ্যমে প্রচার করেছে। এ ছাড়াও মাইকিং করা হয়েছে। তারপরও মানুষ খড় পোড়াচ্ছে। এতে বাতাসে আগুন বিভিন্ন জমিতে লেগে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষি।’

এর আগে গত বৃহস্পতিবার উপজেলার রায়পুর ইউনিয়নের শিমুলতলা মাঠে ৫ কাঠা জমির খড় পোড়াতে গিয়ে ৮০ বিঘা জমির গম পুড়ে যায়।

চাচার দায়ের কোপে যুবক নিহত

দুবাই থেকে আসছিল ৩২ লাখ টাকার অবৈধ সিগারেট, বিমানবন্দরে জব্দ

সুন্দরবনে মধু সংগ্রহের অভিযোগ, ৭ মৌয়াল আটক

দুই দশক পর ত্রিশালে জাতীয়ভাবে হবে নজরুলজয়ন্তীর আয়োজন, উদ্বোধন করবেন তারেক রহমান

সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক

শতাধিক ছাগলের মৃত্যু: নরসিংদীর গ্রামে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

হাওরের ফসল রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি

৮ হাজার একর জমির ধান নষ্ট হওয়ার শঙ্কা, কৃষকদের মানববন্ধন

ইসির মতবিনিময় সভায় শেরপুরের ডিসি বললেন, ‘সাংবাদিকেরা আমন্ত্রিত নয়’

ভোলায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২