হোম > সারা দেশ > খুলনা

খুমেকে নিয়োগ নিয়ে তুলকালাম, ফিরে গেছেন ১২ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

ছবি: সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে। এ নিয়ে হাসপাতালে উত্তেজনা বিরাজ করে।

সূত্রে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ তিনটি লটে মোট ১৮৪ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োগের লক্ষ্যে দরপত্র আহ্বান করে। এর অংশ হিসেবে আজ সোমবার বেলা ১১টায় একটি লটের ৬০ জনের ভাইভা নির্ধারিত ছিল।

তিনটি প্রতিষ্ঠান মাছরাঙা সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, তাকবীর এন্টারপ্রাইজ ও আল-আরাফা সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের তালিকাভুক্ত কর্মীরা ভাইভা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হন।

এ সময় হাসপাতালে আগে থেকে কর্মরত কয়েকজন কর্মচারীর সঙ্গে বহিরাগত ব্যক্তিরা মিলে পরীক্ষা দিতে আসা প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে চলে যাওয়ার জন্য হুমকি দেন। না হলে পরিণতি খারাপ হবে বলে হুঁশিয়ার দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে সোনাডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বাধার মুখে অন্তত ১২ জন পরীক্ষার্থী ফিরে যেতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় তাকবীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ইকতিয়ার উদ্দিন হাসপাতালের পরিচালকের কাছে এক অভিযোগে জানান, তাঁর কর্মচারীরা পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এলে মাছরাঙা সিকিউরিটিজের কর্মীরা ‘মব’ সৃষ্টি করে এবং অতর্কিতে হামলা চালিয়ে লাঞ্ছিত করে। ভয়ে তাঁর কর্মীরা হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হন।

তিনি আবার পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে বলেন, সুষ্ঠু পরিবেশে সবাই ভাইভায় অংশ নেওয়ার সুযোগ না পেলে তিনি আইনের আশ্রয় নেবেন।

পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য ভুক্তভোগীরা দায়ী করেন আউটডোর শাখার ক্লিনার আসাদুজ্জামান ও কর্মচারী লিজা আক্তারকে। ঘটনা সম্পর্কে জানতে আসাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

তবে লিজা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে যাঁরা আগে থেকে কাজ করছেন নতুন কাজের ক্ষেত্রে তাঁরা অগ্রাধিকার পাবেন। হাসপাতালে আমরা প্রায় চার শ কর্মী বর্তমানে কর্মরত। ৮ মাস ধরে কোনো বেতন পাচ্ছি না। আজকে দেখি বটিয়াঘাটা ও রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কয়েকজন ভাইভা দিতে এসেছেন। আমরা তাঁদের ভাইভায় অংশ না নিতে অনুরোধ করি। কোনো মব বা সন্ত্রাসী ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে খুমেক হাসপাতালের পরিচালক কাজী মো. আইনুল ইসলাম জানান, ভাইভার শুরুতে কিছু ভুল-বোঝাবুঝি হয়েছিল। পুরোনো কর্মীরা মনে করেছিল তাদের বাদ দিয়ে নতুন কর্মী নেওয়া হবে। এ জন্য তারা জোরালোভাবে বাধা দেয়।

পরিস্থিতি খারাপ ছিল স্বীকার করে পরিচালক বলেন, ‘আমি পুলিশ ডেকে এনে শান্ত করি। পরে ভাইভা হয়েছে।’

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, হাসপাতালের অভ্যন্তরে ঝামেলা হচ্ছে জেনে আমি থানা থেকে ফোর্স পাঠাই। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নরসিংদীতে সওজের প্রকৌশলীসহ তিনজনের ওপর হামলা

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা জখম

প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও-এসি ল্যান্ড বদলি

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চৌক্কার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে উদ্বেগ-হতাশায় অপেক্ষা যাত্রীদের

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে

নিরপেক্ষ দাবি করা রাকসুর সেই প্রার্থী হলেন শিবিরের নেতা

সীতাকুণ্ডে উদ্ধার শিশুটি কথা বলতে পারছে না, শ্বাসনালি কাটা!

বকেয়া বেতনের দাবিতে চালডাল ডটকম কর্মীদের বিক্ষোভ-ভাঙচুর, আহত ২

মুন্সিগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির ২ পক্ষের মারামারি